Logo

৯০০ মাইল সাঁতরে ইতিহাস গড়লেন মার্কিন নারী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬, ১৩:০৩
৯০০ মাইল সাঁতরে ইতিহাস গড়লেন মার্কিন নারী
ছবি: সংগৃহীত

অসাধ্যকে সাধন করে ইতিহাস গড়েছেন ৩৩ বছর বয়সী মার্কিন ওপেন-ওয়াটার সাঁতারু ক্যাথরিন ব্রিড। মাত্র ১১১ দিনে ক্যালিফোর্নিয়ার প্রায় ৯০০ মাইল দীর্ঘ উপকূল সাঁতরে পাড়ি দিয়েছেন তিনি। গত ১ জুলাই ওরেগন সীমান্ত থেকে শুরু হওয়া এই দুঃসাহসিক অভিযান ১৯ অক্টোবর মেক্সিকোর টিজুয়ানা সীমান্তে পৌঁছে সফলভাবে শেষ হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ এই যাত্রায় প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা খোলা সমুদ্রে সাঁতার কাটেন ক্যাথরিন। লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিজের এই অর্জন এখনো তাঁর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।

তবে চার মাসের কাছাকাছি সময় ধরে চলা অভিযানটি মোটেও সহজ ছিল না। বিশেষ করে ‘এল নিনো’র প্রভাবে সমুদ্রের প্রতিকূল আবহাওয়া তাঁকে বারবার পথ পরিবর্তনে বাধ্য করে। এতে সাঁতারের দূরত্ব ও সময়—দুটিই বেড়ে যায়। প্রতিকূল পরিস্থিতির পাশাপাশি সমুদ্রের দ্রুতগতির শিকারি হিসেবে পরিচিত মাকো হাঙরের মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটে।

হাঙরটি দেখার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে দলের ক্যাপ্টেন মেইসি ব্রিস্টো তাঁকে নিরাপদে ৫২ ফুট দীর্ঘ নৌকায় তুলে নেন। ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক কুইন ফিটজগেরাল্ডের মতে, এল নিনোর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এমন উচ্চাভিলাষী অভিযান সফল করা ক্যাথরিনের অসাধারণ দক্ষতার প্রমাণ।

বিজ্ঞাপন

ঐতিহাসিক এই সাফল্যের পর ক্যাথরিন তাঁর পুরো ক্রু দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘ সময় সমুদ্রে কাটানোর পর আপাতত বিশ্রাম ও অবকাশ কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এ জন্য মধ্য আমেরিকায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর নিজের এই রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরতে চান ক্যাথরিন। সমুদ্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষকে বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করাই হবে তাঁর পরবর্তী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD