‘আত্মরক্ষার্থে’ ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের কেশম দ্বীপে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, নিজেদের সেনাসদস্য ও সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুর দিকে এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সংশ্লিষ্ট দুই কর্মকর্তা ফক্স নিউজকে অভিযানটির বিষয়টি নিশ্চিত করেছেন।
সেন্টকমের এক কর্মকর্তা জানান, “আজ (মঙ্গলবার) দিনের শুরুর দিকে, মার্কিন যুদ্ধবিমানগুলো আত্মরক্ষার খাতিরে কেশম দ্বীপে অবস্থিত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও সম্পদ লক্ষ্য করে আইআরজিসি’র আগ্রাসনের জবাবে পরিচালনা করা হয়েছে এ অভিযান। পুরো অঞ্চলে মার্কিনিদের সুরক্ষার জন্য সেন্টকম অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আছে।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ইরানের আইআরজিসি।
যুদ্ধ বন্ধে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চললেও সংঘাতের উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সামরিক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে বাহরাইনের বিমানঘাঁটি এবং সেখানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটির রাডার ব্যবস্থা লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। এমন পরিস্থিতির মধ্যেই কেশম দ্বীপে মার্কিন বাহিনীর নতুন বিমান অভিযান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।








