Logo

রোহিঙ্গা গণহত্যার রায়, নেতানিয়াহুর জন্য বয়ে আনল সতর্কবার্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬, ১৪:৫৭
রোহিঙ্গা গণহত্যার রায়, নেতানিয়াহুর জন্য বয়ে আনল সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের জন্য নতুন সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি ও আইন বিশ্লেষকদের একাংশের মতে, এই রায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে ওঠা গণহত্যার অভিযোগের বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের সাম্প্রতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আদালত যে পদ্ধতি অনুসরণ করেছে, তা ভবিষ্যতে অন্য মামলার বিচারেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, কোনো দেশের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ করতে হলে প্রতিটি ক্ষেত্রে আলাদা পরিস্থিতি ও তথ্য-প্রমাণ বিবেচনা করতে হবে। মিয়ানমারের ঘটনা সরাসরি ইসরায়েলের ক্ষেত্রে প্রয়োগযোগ্য না হলেও রোহিঙ্গা মামলার আইনি যুক্তি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে চলমান মামলায় প্রভাব ফেলতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

আইসিজের ১৯১ পৃষ্ঠার রায়ে গণহত্যার অভিপ্রায় নির্ধারণে যেসব আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেগুলোও আলোচনায় এসেছে। হেগে আদালতের শুনানিতে প্রায় তিন ঘণ্টা ধরে রায় পাঠ করা হয়। এ সময় আদালতের পর্যবেক্ষণ ও গাজার বর্তমান পরিস্থিতির মধ্যে কিছু মিল খুঁজে পেয়েছেন বিশ্লেষকেরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো অপরাধ সংঘটনের পেছনে নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য প্রতিষ্ঠা করা। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা জাতিগত নিপীড়নের ঘটনা ঘটলেও এই বিশেষ অভিপ্রায় প্রমাণ করা না গেলে তা আইনি সংজ্ঞায় গণহত্যা হিসেবে বিবেচিত হয় না।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ মনে করে আসছিলেন, গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা অত্যন্ত কঠিন। ইসরায়েলের আইনজীবীরাও বিভিন্ন সময়ে এই যুক্তি তুলে ধরেছেন। অনেকের ধারণা ছিল, নাৎসি জার্মানির ‘ফাইনাল সলিউশন’-এর মতো স্পষ্ট লিখিত নির্দেশনা বা অকাট্য দলিল ছাড়া গণহত্যার অভিপ্রায় প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব।

এ ছাড়া অভিযুক্ত রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্যই যে একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা, সেটিও প্রমাণ করতে হয়। তবে মিয়ানমারের মামলায় আইসিজের রায় এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

বিজ্ঞাপন

রায় পাঠের সময় বিচারক ইউজি ইয়াসিসাওয়া বলেন, এ মামলায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণের জন্য কোনো একক অকাট্য দলিল বা ‘স্মোকিং গান’ ছিল না। তবে বিপুল পরিমাণ পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। এসব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান শুরু হয়। ‘অপারেশন ক্লিয়ারেন্স’ নামে পরিচিত ওই অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিহত হন। পাশাপাশি সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

মিয়ানমার সরকার ও সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অভিযানটিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ দমনের পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করে আসছিল। তবে আইসিজে সেই ব্যাখ্যা গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

রায় পাঠের সময় বিচারক ইউজি ইয়াসিসাওয়া বলেন, “বরং দীর্ঘকাল ধরে অধিকার থেকে বঞ্চিত রাখা, বিদ্বেষপূর্ণ বক্তব্য, নির্বিচারে হত্যা ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, বুলডোজার দিয়ে গ্রাম গুঁড়িয়ে দেওয়া, বিপুল সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং অন্যদের দুর্গম শরণার্থী শিবিরে বন্দি করে রাখার মতো ঘটনাগুলো কেবল একটিই যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে: জান্তার মধ্যে ‘গণহত্যার অভিপ্রায়’ (জেনোসাইডাল ইনটেন্ট) ছিল এবং শেষ পর্যন্ত তারা গণহত্যাই চালিয়েছে—যা বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ।”

বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা মামলার আইনি গুরুত্ব শুধু পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের মাধ্যমে গণহত্যার উদ্দেশ্য প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়। আদালতের পর্যবেক্ষণে এটিও স্পষ্ট হয়েছে যে, কোনো রাষ্ট্র আত্মরক্ষা বা বিদ্রোহ দমনের যুক্তি দেখালেও একই সঙ্গে তার কর্মকাণ্ডে গণহত্যার অভিপ্রায় থাকতে পারে।

এ মামলায় বিচারকেরা কোনো ফৌজদারি আদালতের আগের রায়ের অপেক্ষা না করে জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত তথ্য-প্রমাণ বিবেচনায় নিয়েছেন। পাশাপাশি আদালত আবারও স্পষ্ট করেছে, সরাসরি সংঘাতের সঙ্গে যুক্ত নয়—এমন কোনো তৃতীয় রাষ্ট্রও গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলা করতে পারে।

বিজ্ঞাপন

গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার মতো এই মামলাতেও বাদীপক্ষ সরাসরি সংঘাতের অংশ নয়।

যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমার সুলতানি মনে করেন, রোহিঙ্গা মামলায় আদালত যেভাবে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনের প্রয়োগ করেছে, তা গাজা পরিস্থিতির বিচারেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তিনি বলেন, “মিয়ানমারের ক্ষেত্রে আদালত যেভাবে তথ্যের ওপর আইন প্রয়োগ করেছে, তা থেকে এটি অত্যন্ত জোরালোভাবে ইঙ্গিত পাওয়া যায় যে, গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে, ইসরায়েলের ক্ষেত্রেও আদালত একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।”

বিজ্ঞাপন

অধ্যাপক সুলতানি আরও বলেন, “আমার কাছে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে, গণহত্যার অভিপ্রায় নিয়ে আলোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া মিয়ানমার সামরিক বাহিনীর পূর্ববর্তী সামরিক অভিযানগুলোর কথা উল্লেখ করেছে। এটি সবারই জানা যে, ২০০০ সাল থেকে ইসরায়েল বেশ কয়েকবার গাজায় হামলা চালিয়েছে।”

বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখেও রয়েছেন নেতানিয়াহু।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইসিজে যদি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে দেশটির রাজনৈতিক অঙ্গনেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোটের জন্য বিষয়টি রাজনৈতিকভাবে জটিলতা তৈরি করতে পারে। তিনি বর্তমানে সরকার গঠনের চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

এর কারণ, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজায় যুদ্ধের প্রথম পর্যায়ে আইজেনকোট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওই সময় গাজায় প্রাণহানির সংখ্যা ছিল অত্যন্ত বেশি। একই সময়ে ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইসিজের রায়ের পর ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের একটি বিশ্লেষণেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, আদালতের রায়ের কয়েকটি পর্যবেক্ষণ “ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে”; কারণ গণহত্যার অভিযোগ নির্ধারণে প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ডকে আদালত তুলনামূলকভাবে বিস্তৃত করেছে।

বিশ্লেষণে আরও বলা হয়, “আক্রান্ত গোষ্ঠীর কিছু অংশ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েও থাকে, তবুও অপর পক্ষের পাল্টা আক্রমণ গণহত্যার শামিল হতে পারে।”

বিজ্ঞাপন

টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে আসা এসব পর্যবেক্ষণ থেকে স্পষ্ট, রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় শুধু মিয়ানমারের জন্যই গুরুত্বপূর্ণ নয়; গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে চলমান আন্তর্জাতিক আইনি বিতর্কেও এটি নতুন মাত্রা যোগ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD