ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ঘরছাড়া ফিলিস্তিনিদের শেষ আশ্রয় এখন প্রাচীন গুহা

অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উচ্ছেদ ও বাড়িঘর ধ্বংসের ঘটনায় চরম মানবিক সংকটে পড়েছেন ফিলিস্তিনিরা। একসময় যে বাড়িতে ছিল তাদের সংসার, সেই ঘর এখন ধ্বংসস্তূপ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে শতাব্দীপ্রাচীন অন্ধকার ও স্যাঁতসেঁতে গুহায়। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস, নিরাপদ পানি কিংবা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ।
বিজ্ঞাপন
গত সপ্তাহে ঝড়ের পর নিজের আশ্রয়স্থলে জমে থাকা বৃষ্টির পানি সরাতে কয়েক দিন ব্যয় করেছেন ৬০ বছর বয়সী মোহাম্মদ দাবাবশেহ। ইসরায়েলি সেনারা তার ব্যবহৃত গুহার একটি অংশ ভেঙে দেওয়ায় সেখানে বৃষ্টির পানি ঢুকে পড়ে।
গত ২০ অক্টোবর অনুমতি ছাড়া বসতি নির্মাণের অভিযোগ তুলে তার পরিবারের একমাত্র আশ্রয়স্থলেরও একটি অংশ গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।
মোহাম্মদের ১২ সদস্যের পরিবার এর আগে ছয়বার বাড়িঘর হারিয়েছে। প্রতিবার গবাদিপশু বিক্রি করে নতুন করে ঘর নির্মাণ করেছেন তিনি। কিন্তু বারবার উচ্ছেদ ও স্থাপনা ধ্বংসের ঘটনায় একপর্যায়ে শেষ হয়ে যায় পরিবারের সঞ্চয় ও সম্বল।
বিজ্ঞাপন
তাঁবুতে আশ্রয় নিয়েও নিরাপদ থাকতে পারেননি তারা। ২০২৫ সালের গ্রীষ্মে ইসরায়েলি সেনারা তাদের তাঁবু ভেঙে নিয়ে যায়। এরপর গাছের নিচে রাত কাটাতে বাধ্য হয় পুরো পরিবার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাসাফের ইয়াত্তা এলাকায় বেশ কিছু প্রাচীন গুহা থাকলেও সেগুলো মানুষের বসবাসের জন্য উপযোগী নয়। পর্যাপ্ত আলো-বাতাসের অভাবের পাশাপাশি রয়েছে নিরাপদ পানির সংকট। তারপরও বাড়িঘর হারানো পরিবারগুলোর কাছে এসব গুহাই এখন শেষ আশ্রয়।
আল-জাজিরাকে মোহাম্মদ দাবাবশেহ জানান, গুহার অতিরিক্ত আর্দ্রতার কারণে তিনি ও তার স্ত্রী শ্বাসকষ্টে ভুগছেন। শীতকালে বৃষ্টির পানি গুহায় ঢুকে মেঝে ভিজিয়ে দেয়। এতে তাদের সামান্য আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও নষ্ট হয়ে যায়।
বিজ্ঞাপন
হেবরনের দক্ষিণে খাল্লাত আল-দাবা গ্রামের প্রায় ১২০ জন বাসিন্দার মধ্যে ১০০ জনের মতো এখন গুহায় বসবাস করছেন। গ্রামের বাসিন্দাদের মুখপাত্র জাবের দাবাবশেহ জানান, মাত্র দুটি পরিবার এখনো নিজেদের বাড়িতে থাকতে পারছে। তবে সেগুলোও যেকোনো সময় ভেঙে ফেলা হতে পারে।
গুহার অন্ধকার ও অস্বাস্থ্যকর পরিবেশে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশুদের। সেখানে পড়াশোনার জন্য পর্যাপ্ত আলো নেই, খেলাধুলারও কোনো জায়গা নেই। এর পাশাপাশি পানির ট্যাংক ও সৌরবিদ্যুতের প্যানেলও ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জাবের দাবাবশেহ জানান, নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে বাসিন্দাদের রাতের অন্ধকারে গুহা মেরামত করতে হয়। দিনের বেলায় মেরামতের কোনো চিহ্ন দেখা গেলে আবারও তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
স্থানীয়দের এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের ভূমি ও বসতি বিরোধ। ১৯৮০ সালে ইসরায়েল মাসাফের ইয়াত্তার ৩৫ হাজার ডুনামের বেশি এলাকাকে সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করে। ওই সময় সেখানে ১২টি ফিলিস্তিনি জনগোষ্ঠীর বসবাস ছিল।
এরপর থেকে এলাকাটিতে বাড়িঘর ভাঙা, জমি দখল এবং বাসিন্দাদের উচ্ছেদের চাপ ক্রমাগত বাড়তে থাকে। প্রায় দুই হাজার ফিলিস্তিনির বসবাসের এই অঞ্চলে কয়েক দশক ধরে চলছে নিজস্ব ভিটেমাটি রক্ষার সংগ্রাম।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর মাসাফের ইয়াত্তায় ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ও উচ্ছেদের ঘটনা আরও বেড়েছে।
বিজ্ঞাপন
২০২৫ সালের মে মাসে খাল্লাত আল-দাবা গ্রামে বড় ধরনের অভিযান চালিয়ে বাড়িঘর, কৃষি স্থাপনা, পানির ট্যাংক ও সৌরবিদ্যুতের প্যানেল ধ্বংস করে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে ওই মাসে এলাকার তিনটি গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
মাসাফের ইয়াত্তা গ্রাম পরিষদের প্রধান নিদাল ইউনিস জানান, বিভিন্ন গ্রামের ৪০টির বেশি পরিবার আবারও প্রাচীন গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তার অভিযোগ, পানি ও বিদ্যুতের সংযোগ এবং ঘরবাড়ি মেরামতের সুযোগ সীমিত করে বাসিন্দাদের নিজ এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের বসতভিটা ছেড়ে যেতে রাজি নন ফিলিস্তিনিরা। ধ্বংস হয়ে যাওয়া বাড়ির পাশে কিংবা অন্ধকার গুহায় মানবেতর জীবন কাটিয়েও নিজেদের জন্মভূমিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।
সূত্র: আল-জাজিরা








