দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ভারতের উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কুখ্যাত অপরাধী নাসিম দুররানি। দিল্লি পুলিশের সঙ্গে নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে বুলন্দশহরে এ ঘটনা ঘটে। ৩৭ বছর বয়সী নাসিম আন্তর্জাতিক অপরাধচক্র ডি-কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন নাসিম। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন অপরাধচক্রের সঙ্গেও তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সী সামিরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালান নাসিম। গুরুতর আহত সামিরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সামির মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধেও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি একটি ফৌজদারি মামলার তদন্তে সামিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল জেলা পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের ধারণা, নাসিম দুররানি ও হারুন সাইফির গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধের জেরেই সামিরকে হত্যা করা হয়।
অপরাধজগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিলেন নাসিম। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্ব নাসিমকে দিয়েছিলেন শাকিল।
এ ছাড়া পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার মামলায়ও একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টির বেশি ফৌজদারি মামলা ছিল তাঁর বিরুদ্ধে।
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, বুলন্দশহরের বাসিন্দা নাসিমকে ধরিয়ে দিতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লিতে অপরাধজগতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তিনি। এ নিয়ে ওই অঞ্চলে সক্রিয় রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর গোষ্ঠীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার নিয়ন্ত্রণ, জুয়া, মাদক ব্যবসা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় গত ২৬ মে হারুন সাইফির মামা রাজা মেওয়াতিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নাসিমকে প্রধান হামলাকারী হিসেবে শনাক্ত করেছিল পুলিশ।
এর প্রায় তিন সপ্তাহ পর, ১৫ জুন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত অর্থের জোগানদাতা রাশিদ ওরফে ‘পানিওয়ালা’ খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় হারুন সাইফি ও তাঁর গোষ্ঠীর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।








