দীর্ঘ বিরতির পর বিরল ভারত সফরে গেলেন পাকিস্তানের মন্ত্রী

দীর্ঘ বিরতির পর বিরল এক উচ্চপর্যায়ের সফরে ভারতে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশবিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ অংশ নিতে শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি।
বিজ্ঞাপন
নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়, দিল্লিতে আয়োজিত এসসিওর সাংস্কৃতিক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন ড. মুসাদ্দিক মালিক।
এর আগে পাকিস্তানের কোনো উচ্চপর্যায়ের মন্ত্রীর সর্বশেষ ভারত সফর হয়েছিল ২০২৩ সালে। সে সময় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতে গিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এসসিওর ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’। উল্লেখ্য, ২০২৬-২৭ মেয়াদে এসসিওর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে পাকিস্তান।
বিজ্ঞাপন
এসসিওর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান, বেলারুশ এবং মধ্য এশিয়ার কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। এসব দেশের প্রায় প্রতিটিরই রয়েছে সুপ্রাচীন সভ্যতা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, যার ইতিহাস খ্রিস্টপূর্ব সময় পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতের কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই সম্মেলন। গত বছর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’ গঠনের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তী সময়ে এসসিও কাউন্সিল সেই প্রস্তাব অনুমোদন করে।
ভারত সরকারের ভাষ্য অনুযায়ী, “এই ফোরামের লক্ষ্য হলো অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতার ঐতিহ্যকে উদ্যাপন করা, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতাকে উৎসাহিত করা।”
বিজ্ঞাপন
ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া চীন, রাশিয়া, ইরান, বেলারুশ ও মধ্য এশিয়ার দেশগুলোসহ ১০টি সদস্য রাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ১৫টি সংলাপ অংশীদার দেশ ও পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির ঐতিহাসিক ‘পুরানা কিলা’ বা পুরোনো দুর্গে। ষোড়শ শতাব্দীতে সম্রাট হুমায়ুন দুর্গটি নির্মাণ করেছিলেন।
কর্মকর্তাদের মতে, দুর্গ এলাকায় পরিচালিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননে ভারতের প্রায় তিন হাজার বছরের ইতিহাসের নানা নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শনের মধ্যে প্রাক-মৌর্য, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগের পাশাপাশি মধ্যযুগের রাজপুত, সুলতানি ও মুঘল আমলের ইতিহাসও উঠে এসেছে।
বিজ্ঞাপন
আঞ্চলিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রীর এই ভারত সফর দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।








