মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ আরও মুসলিম দেশকে যুক্ত করার দাবি জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। দলটির আমির হাফিজ নাঈম ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ইরানসহ অন্যান্য মুসলিম দেশকেও এই জোটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি করাচিতে আয়োজিত এক বড় গাজা মার্চে অংশ নিয়ে মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্ব দেন হাফিজ নাঈম। তিনি বলেন, প্রতিরক্ষা জোটটির প্রধান লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরায়েলের হামলা স্থায়ীভাবে বন্ধ করা।
গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শুধু ফিলিস্তিন বা গাজা নয়, কাশ্মীরের মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদ মুক্ত করতে মুসলিম উম্মাহকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। শিয়া-সুন্নী বিভাজন কিংবা ভৌগোলিক দূরত্ব ভুলে একসঙ্গে কাজ করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে হাফিজ নাঈম জানান, জনগণের সহযোগিতায় তাদের দল ও ত্রাণ সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে।
বিজ্ঞাপন
গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন জোরদারের বিষয়ে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলে উল্লেখ করেন জামায়াতের আমির।








