Logo

ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৭
ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ব্যাপকভাবে লাভা, গ্যাস ও ছাই উদ্গীরণ করছে। এর প্রভাবে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ দেশটির আটটি বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ফ্লাইট চলাচল বন্ধ থাকায় আটটি বিমানবন্দরে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন। সোমবারও বিমানবন্দরগুলোতে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির কারণে মোট ১ হাজার ৫৫৮টি ফ্লাইটের উড্ডয়ন-অবতরণের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবার রাতে আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে। এরপর দেশটির বিস্তীর্ণ এলাকায় নিম্নমাত্রার ভূকম্পন অনুভূত হওয়ার পাশাপাশি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাই, গ্যাস ও লাভা নির্গত হতে থাকে। রোববারও আগ্নেয়গিরিটিতে দুই দফায় উদ্গীরণ ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানবন্দরগুলোতে আটকে পড়া যাত্রীদের বড় একটি অংশ সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী ফ্লাইটের যাত্রী।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগনাদি জানান, পশ্চিম জাভার বিভিন্ন এলাকাতেও আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার তথ্য পাওয়ার পর বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আটকা পড়া যাত্রীদের জন্য টিকিটের পুরো অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি ফ্লাইট চলাচল আবার শুরু হলে দ্রুত যাত্রীদের বিষয়টি জানাতে বিমান পরিষেবা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD