ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ নিহত ১১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বাজারের অন্তত ৪০টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার মধ্যরাতে মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ মুখপাত্র হেনরি জে. মানুরং জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের গাড়ির পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।
তিনি জানান, আগুন নেভানোর পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হেনরি জে. মানুরং বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় বাড়ি ও দোকানপাট পরস্পরের খুব কাছাকাছি ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেশি সময় প্রয়োজন হয়।
এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ড ও শিল্প দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা আগেও ঘটেছে। গত বছরের ডিসেম্বরে মধ্য জাকার্তার একটি সাততলা অফিস ভবনে আগুন লেগে ২২ জন নিহত হন।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ








