Logo

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ১৪:৪৯
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

বিজ্ঞাপন

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফ্লোরেস অঞ্চলটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত। প্রদেশটির এই অঞ্চলে মোট আটটি রিজেন্সি বা স্থানীয় প্রশাসনিক ইউনিট রয়েছে।

এর আগে গত শনিবার (১৫ আগস্ট) পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর কয়েক ঘণ্টার মধ্যে ৩৪১টি আফটারশক রেকর্ড করা হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ফ্লোরেস অঞ্চলে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে পূর্ব নুসা তেঙ্গারার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বিএনপিবি জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর প্রায় ১২ ঘণ্টা পর, শনিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রা প্রদেশেও ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেমাতাংসিয়ানতার শহরের প্রায় ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৮৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে রোববার পূর্ব নুসা তেঙ্গারা প্রাদেশিক সরকার ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

জরুরি অবস্থা ঘোষণার পরদিনই ফ্লোরেস অঞ্চলে নতুন করে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানল।

সূত্র: এনডিটিভি ও সাউথ চায়না মর্নিং পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD