বন বাঁচাতে পর্নো ভিডিওর উদ্যোগ, অস্ট্রেলিয়ায় অভিনব প্রকল্প

বন উজাড় ঠেকাতে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ার শিল্পী কিরশা কেশেলে। প্রাচীন বনাঞ্চল সংরক্ষণের অর্থ জোগাড় করতে তিনি চালু করেছেন প্রাপ্তবয়স্কদের কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম ‘অনলি ফার্নস’। এই প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক ভিডিও দেখার বিনিময়ে দর্শকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত অর্থ ব্যয় করা হবে বন সংরক্ষণে। তবে অভিনব এই উদ্যোগ প্রশংসার পাশাপাশি পরিবেশবাদীদের সমালোচনারও মুখে পড়েছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, কিরশা কেশেলে তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টের (মোনা) প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী। বন সংরক্ষণকে অর্থনৈতিকভাবে টেকসই করার লক্ষ্যেই তিনি এ প্রকল্প হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে তাসমানিয়ার বনাঞ্চল ও করাতকলকে কেন্দ্র করে ১২টি প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরি করা হয়েছে।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য, বন উজাড়ের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেসব শ্রমিক এতদিন গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন, তাদের অর্থের বিনিময়ে বনাঞ্চলে কাঠের হাঁটার পথ ও শিল্পকর্ম তৈরির কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বন রক্ষার পাশাপাশি শ্রমিকদের আয় ও কর্মসংস্থান বজায় থাকবে বলে আশা করছেন উদ্যোক্তা।
কেশেলের মতে, পরিবেশ সংরক্ষণের আন্দোলনে প্রায়ই বনশ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এতে শ্রমিক ও পরিবেশবাদীদের মধ্যে বিরোধ তৈরি হয়। কিন্তু শ্রমিকদের বাদ দিয়ে বন সংরক্ষণ সম্ভব নয়। তাই বন রক্ষার উদ্যোগ সফল করতে হলে তাদের কর্মঘণ্টা ও আয়ের বিষয়টিও নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রকল্পটির ভিডিও নির্মাণের সব ব্যয় বহন করেছে মোনা ও কেশেলে। এতে অভিনয়শিল্পী, নির্মাণকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পারিশ্রমিক দেওয়া হয়েছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে একটি প্রামাণ্যচিত্র ও বই। কাঠের শিল্পকর্ম নির্মাণে স্থানীয় করাতকলগুলোকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।
এ উদ্যোগে অংশ নিতে প্রায় ২০ জন অনলি ফ্যানস কনটেন্ট নির্মাতা তাসমানিয়ার বার্নি শহরে যান। সেখানে বনাঞ্চল ও করাতকলকে কেন্দ্র করে বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়। ভিডিওগুলোতে পশুর পোশাক পরা অভিনয়শিল্পীদের পাশাপাশি বনশ্রমিক ও পরিবেশবাদীদের চরিত্রও তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
তবে এই প্রকল্প থেকে কত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। দর্শকদের আগ্রহ ও সাবস্ক্রিপশনের ওপরই নির্ভর করবে আয়ের পরিমাণ। কেশেলের আশা, দর্শকদের পাশাপাশি তার স্বামী এবং অন্যান্য দাতাও প্রকল্পটিতে আর্থিক সহায়তা দেবেন।
এদিকে বন সংরক্ষণের নামে কাঠশিল্পের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে পরিবেশবাদী সংগঠনগুলো। জুলাইয়ে ফরেস্ট কংগ্রেস থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দ্য ওয়াইল্ডারনেস সোসাইটি। সংগঠনটির অভিযোগ, কাঠশিল্পের সঙ্গে সমঝোতা করে বন উজাড়ের মূল সমস্যার সমাধান সম্ভব নয়। বনশিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষতিকর বাণিজ্যিক কার্যক্রম পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও দাবি তাদের।
অন্যদিকে বব ব্রাউন ফাউন্ডেশন প্রকল্পটিকে ‘কাঠ কাটা সমর্থনকারী পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, প্রাচীন বনভূমির মাত্র ৩ থেকে ৪ শতাংশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি ৯৬ শতাংশ বন উজাড় ও পুড়িয়ে ফেলার ঝুঁকিতে রয়েছে। তাদের মতে, বন ধ্বংসের মতো গুরুতর সংকট কোনো শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
সমালোচনার জবাবে কেশেলে জানিয়েছেন, যেসব প্রাচীন বন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর গুরুত্ব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বড় ধরনের মতবিরোধ নেই। বনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এসব বন রক্ষার উদ্যোগে অংশ নিচ্ছেন। বন সংরক্ষণের পাশাপাশি শ্রমিকদের অর্থনৈতিক ক্ষতি এড়ানোই তাঁর মূল লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৩ সালে পরিবেশবাদী, বিজ্ঞানী, আদিবাসী পালাওয়া জনগোষ্ঠীর প্রবীণ এবং বনশিল্পের প্রতিনিধিদের নিয়ে ‘ফরেস্ট কংগ্রেস’ গঠন করেন কিরশা কেশেলে। ‘অনলি ফার্নস’ সেই উদ্যোগেরই একটি অংশ। তাঁর বিশ্বাস, বন সংরক্ষণে শুধু আন্দোলন নয়, এর পাশাপাশি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাও গড়ে তোলা জরুরি।








