মাটিতে উজ্জ্বল হলুদ বিন্দু, খুঁড়তেই মিলল ২ কোটি টাকার সোনার দলা

লাল মাটির বুকে ছোট্ট এক হলুদ ঝিলিক। মাটির নিচে কী আছে, তা জানতে খুঁড়তে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার এক শৌখিন সোনা অনুসন্ধানকারী। শেষ পর্যন্ত তার হাতে উঠে আসে প্রায় ১ দশমিক ২ কেজি ওজনের সোনার দলা। এর আনুমানিক দাম ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৩ লাখ থেকে ১ কোটি ৯৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
কয়েক দিন ধরে অনুসন্ধানের পর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সুদূর উত্তর-পশ্চিমাঞ্চলে টিবুবুরার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে সোনার দলাটি খুঁজে পান ওই ব্যক্তি।
এর আগে কয়েকবার চেষ্টা করেও মূল্যবান কিছু পাননি তিনি। বরং ধাতু শনাক্তকারী যন্ত্রে মিলেছে ফেলে দেওয়া সিসার গুলি, পুরোনো পেরেক ও ঘোড়ার খুরে ব্যবহৃত লোহার নালের মতো জিনিস।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজকে ওই ব্যক্তি জানান, মাটির নিচে থাকা বস্তুটির আকার প্রথমে বোঝা যায়নি। তবে যত গভীরে খুঁড়তে থাকেন, ধাতু শনাক্তকারী যন্ত্রের সংকেত তত শক্তিশালী হতে থাকে। এতে তার কৌতূহল আরও বেড়ে যায়।
বিজ্ঞাপন
একপর্যায়ে গর্তের মাটি সরাতে গিয়ে মাঝখানে ছোট্ট, উজ্জ্বল হলুদ একটি বিন্দু দেখতে পান তিনি। কাছে গিয়ে পরীক্ষা করার পর বুঝতে পারেন, মাটির নিচে লুকিয়ে রয়েছে বড় একটি সোনার দলা। কয়েক দিনের খোঁজাখুঁজির পর এমন মূল্যবান বস্তু পেয়ে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোনার দলাটি খুঁজে পাওয়ার মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মাটি খুঁড়ে দলাটি বের করছেন। সেটি হাতে পাওয়ার পর নিজের বিস্ময় প্রকাশ করে তিনি জানান, এমন আবিষ্কার তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।
এবিসি নিউজের তথ্য অনুযায়ী, সোনার দলাটির নাম দেওয়া হয়েছে ‘টিবুবুরা স্পাড’। এর ওজন প্রায় ১ দশমিক ২ কেজি। দলাটিতে কোয়ার্টজও রয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এর মধ্যে প্রায় ৯৪০ গ্রাম খাঁটি সোনা রয়েছে।
বিজ্ঞাপন
দলাটির আনুমানিক দাম ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে শেষ পর্যন্ত কত দামে এটি বিক্রি হবে, তা নির্ভর করবে ক্রেতা ও সংগ্রাহকদের চাহিদার ওপর। যিনি দলাটি খুঁজে পেয়েছেন, তিনি এটি কোনো সংগ্রাহকের কাছে বিক্রি করার পরিকল্পনা করছেন। সে ক্ষেত্রে বিরল এই সোনার দলা থেকে আরও বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, নিউ সাউথ ওয়েলসের ব্রোকেন হিলে অনুসন্ধানের সরঞ্জাম বিক্রি করেন গ্রেগ স্প্যাংলার। এবিসি নিউজকে তিনি জানান, এক কেজির বেশি ওজনের সোনার দলা খুঁজে পাওয়া বিরল ঘটনা। তবে শখ হিসেবে সোনা অনুসন্ধানের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই আগ্রহের কারণে মূল্যবান ধাতুর সন্ধানে আরও বেশি মানুষ বাইরে বেরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। কেউ শখের বশে, আবার কেউ মূল্যবান কিছু পাওয়ার আশায় ধাতু শনাক্তকারী যন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দুর্গম এলাকায়।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার লাল মাটিতে সোনা খুঁজতে গিয়ে ওই ব্যক্তির এই আবিষ্কার তাই ব্যতিক্রমী। কয়েক দিনের ব্যর্থ চেষ্টার পর মাটিতে দেখা ছোট্ট একটি হলুদ বিন্দু তার সামনে খুলে দিয়েছে বিপুল অর্থ পাওয়ার সম্ভাবনা। একই সঙ্গে ঘটনাটি সোনা অনুসন্ধানের প্রতি মানুষের বাড়তে থাকা আগ্রহেরও ইঙ্গিত দেয়।
সূত্র: গালফ নিউজ








