আমি নেতানিয়াহুর পরাজয় ঠেকিয়েছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর সমর্থনের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে বড় ধরনের পরাজয়ের আশঙ্কা কমেছে। তাঁর মতে, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোর পর নির্বাচনের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে এবং প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) ইসরায়েলের নির্বাচনের বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন জোট ও গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করেন।
এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিবি নেতানিয়াহুকে সমর্থন করেন, তখন পুরো পরিস্থিতি বদলে যায়, এবং এখন একজন মহান প্রধানমন্ত্রীর নিশ্চিত পরাজয়ের বদলে এটি একটি বড় ধরনের অচলাবস্থা বা এমনকি নেতানিয়াহুর জন্য একটি জয় বলে মনে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরেই এটি ঘটেছে, যিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু চান!’
নির্বাচনের পর ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। কান ১১ এবং চ্যানেল ১৩-এর বুথফেরত সমীক্ষায় উভয় প্রধান জোটকে ৫১টি করে আসনে সমতা দেখানো হয়েছে, অন্যদিকে চ্যানেল ১২ নেতানিয়াহুর জোটকে ৫২ আসন এবং আইজেনকোটের বিরোধী জোটকে ৪৯ আসন দিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেরুজালেমে নিজ দলের সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘আমাদের অবশ্যই ডানপন্থীদের একটি শক্তিশালী সরকার গড়ে তুলতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘ইহুদি ও সিয়োনিস্ট সংখ্যাগরিষ্ঠ অংশকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করার প্রশ্নই ওঠে না।’ একই সঙ্গে নেতানিয়াহু দাবি করেন যে তাঁর জোট স্পষ্ট ও নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
অন্যদিকে দুই আরব জোট যৌথভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে। যৌথ তালিকার প্রার্থী ফাতেন গাত্তাস নাজেরেথ থেকে জানান, ‘আমরা দখলদারিত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করি এবং আমরা এখানেই থাকব।’
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ইয়োহানান প্লেসনার বুথফেরত সমীক্ষার ফলাফলকে নেতানিয়াহুর জোটের জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন। তবে তাঁর মতে, এই ফলাফল আইজেনকোটকে সুস্পষ্ট বিজয়ী হিসেবেও প্রতিষ্ঠা করে না।
বিজ্ঞাপন
সেন্ট্রাল ইলেকশন কমিটির তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ বলে জানানো হয়েছে।
সূত্র: নিউজ ১৮








