Logo

ইসরায়েলে অর্ধেকের বেশি ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর জোট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৫:০১
ইসরায়েলে অর্ধেকের বেশি ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর জোট
ছবি: সংগৃহীত

ইসরায়েলে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক বুথফেরত জরিপে পিছিয়ে থাকার ইঙ্গিত মিললেও পরবর্তী গণনায় এগিয়ে গেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। অর্ধেকের বেশি ভোট গণনা শেষে তার জোট ৫৫টি আসন পেতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন

বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

আংশিক ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, যারা পেয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোটের ভোটের হার ৯ শতাংশ।

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, বর্তমান গণনায় নেতানিয়াহুর জোট ৫৫টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৯। আরব নেতৃত্বাধীন দলগুলো পেতে পারে ১৬টি আসন। তবে নতুন পূর্বাভাসে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৬ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, ভোট গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন ভোটারের অন্তত একজনের সমর্থন পেয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম পার্টি। দলটির নেতা মানসুর আব্বাস জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গাদি আইজেনকটের শিবিরের পাশাপাশি নেতানিয়াহুর লিকুদ পার্টিও তার দলের সঙ্গে যোগাযোগ করেছে।

বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রা’আমের পাঁচটি আসন রয়েছে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে ক্ষমতায় থাকা জোট সরকারেও অংশ নিয়েছিল দলটি। আব্বাসের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে ও পরে—দুই সময়েই প্রধান রাজনৈতিক শিবিরগুলো তার দলের সঙ্গে যোগাযোগ করেছে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে ৭৭ দশমিক ৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ পয়েন্ট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD