ক্ষমতা ছাড়ার আগে ইরানে ফের হামলার ছক নেতানিয়াহু

ইসরায়েলে ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে গোপন বৈঠক করেছেন তিনি। তবে সম্ভাব্য হামলার সময় ও প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে মতপার্থক্য তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে বৈঠকটি হয়। সেখানে ইরানের বিরুদ্ধে কিছু গোপন গোয়েন্দা তথ্য তুলে ধরে দেশটিতে আবারও হামলা চালানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন নেতানিয়াহু।
তবে একই ইস্যুতে মোসাদপ্রধান রোমান গোফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়টি আইজেনকোট জানতেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁকে ইচ্ছাকৃতভাবে বিষয়টি জানানো হয়নি কি না, তা স্পষ্ট নয়। এদিকে নতুন সরকার গঠনের আগে নেতানিয়াহুকে অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন আইজেনকোট।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্ভাব্য হামলার সময় নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেও মতভেদ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ইয়াল জামির ইরানে হামলার পক্ষে থাকলেও এই মুহূর্তকে উপযুক্ত সময় মনে করছেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তিনি।
বিজ্ঞাপন
ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, বর্তমানে ইরানের দিক থেকে এমন বড় কোনো হুমকি নেই, যার কারণে দ্রুত সামরিক অভিযান চালানো জরুরি। বরং দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা দেখছেন না তাঁরা।
এর আগে সেনাপ্রধান ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশিত হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় তা অস্বীকার করেছিল।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে মোসাদপ্রধান রোমান গোফম্যান ওয়াশিংটনে সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, গোফম্যান মার্কিন কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করছেন, ইরান পরমাণু চুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিসংক্রান্ত শর্ত লঙ্ঘন করছে। তবে তাঁর এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন সমঝোতার সম্ভাবনা নিয়ে ইসরায়েলের মধ্যে উদ্বেগ রয়েছে। এমন কোনো চুক্তি হলে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে সমাধান ছাড়াই তেহরানের ওপর থেকে চাপ কমে যেতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। এই উদ্বেগ থেকেই নেতানিয়াহু দ্রুত সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিচ্ছেন বলে তাঁদের ধারণা।
তবে ক্ষমতা হস্তান্তরের সংবেদনশীল সময়ে ইরানে নতুন করে হামলার সিদ্ধান্ত ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি ও নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: আনাদোলু এজেন্সি।








