Logo

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব ভারতের, নাকচ করলেন চিফ প্রসিকিউটর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৫:৫৩
শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব ভারতের, নাকচ করলেন চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিনিময়ে তার মামলার নতুন করে বিচার করার বিষয়ে ভারতের সম্ভাব্য প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে নতুন করে বিচারের কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অবস্থানের কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদের প্রস্তাবিত ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের কোনো সুযোগ আমাদের দেশে নেই।’

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইন এবং নির্ধারিত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যমান আইন অনুযায়ীই তার সাজা কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে কয়েকটি শর্ত বা প্রস্তাব বিবেচনা করতে পারে ভারত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, বাংলাদেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নিশ্চিত করা এবং মামলাটির নতুন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার আয়োজন করা। পাশাপাশি তার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতার বিষয়টিও ভারতের বিবেচনায় থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এ ধরনের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন চিফ প্রসিকিউটর। তার বক্তব্য অনুযায়ী, দেশের বিদ্যমান আইনি কাঠামোর বাইরে গিয়ে নতুন বিচার আয়োজনের সুযোগ নেই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় সেই সুযোগ আর বহাল নেই। দেশে ফিরলে আইন অনুযায়ী তার সাজা কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার দিল্লির কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD