Logo

দর্শনার্থীর টুপি গিলে প্রাণ গেল যুক্তরাষ্ট্রের তারকা জলহস্তী ফিয়োনার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৪:০৫
দর্শনার্থীর টুপি গিলে প্রাণ গেল যুক্তরাষ্ট্রের তারকা জলহস্তী ফিয়োনার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানার জনপ্রিয় জলহস্তী ফিয়োনা মারা গেছে। দর্শনার্থীর ফেলে যাওয়া একটি বোনা টুপি গিলে ফেলার প্রায় ১০ দিন পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পশুচিকিৎসক ও পরিচর্যাকারীদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ফিয়োনাকে বাঁচানো সম্ভব হয়নি। জরুরি শারীরিক জটিলতা কাটিয়ে উঠতে না পেরে শেষ পর্যন্ত মারা যায় সে।

২০১৭ সালে নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়া ফিয়োনা অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রায় ১০ দিন আগে একটি বোনা টুপি গিলে ফেলার পর থেকেই তার চিকিৎসা চলছিল। প্রথম দিকে তাকে স্বাভাবিক মনে হলেও কয়েক দিন পর খাবারের প্রতি আগ্রহ কমে যায়।

চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিকি বলেন, ‘আমরা এই মুহূর্তে স্তব্ধ। আমরা এমন পরিণতি আশা করিনি। যতক্ষণ পেরেছে সে লড়াই করে গেছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিড়িয়াখানার মুখপাত্র মিশেল কার্লির ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল সম্পূর্ণ দুর্ঘটনাবশত। এক দর্শনার্থী টুপিটি বাতাসে ছুড়ে মারলে সেটি সিলিং ফ্যানে আটকে যায়। পরে ফ্যানের ধাক্কায় একটি ছোট ফাঁক দিয়ে টুপিটি ফিয়োনার খাঁচায় পড়ে।

টুপিটি গিলে ফেলার পর প্রথম কয়েক দিন ফিয়োনার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। পরে তার ক্ষুধা কমে গেলে পরিচর্যাকারীরা খাবারের পরিমাণ বাড়ানোর চেষ্টা করেন, যাতে খাবারের সঙ্গে টুপিটি পরিপাকতন্ত্র দিয়ে বেরিয়ে আসে। মৃত্যুর আগে করা আল্ট্রাসাউন্ডে দেখা যায়, টুপিটি তার ক্ষুদ্রান্ত্র দিয়ে নিচের দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞাপন

একজন পরিচর্যাকারী জানান, পূর্ণবয়স্ক জলহস্তীর ক্ষেত্রে অস্ত্রোপচার কার্যকর সমাধান নয়। তাই স্বাভাবিকভাবে টুপিটি বের হয়ে আসার অপেক্ষাই ছিল তাদের কাছে সবচেয়ে ভালো সম্ভাবনা। এ জন্য স্থানীয় একটি ঘোড়ার খামার থেকে ধার করা ভাইব্রেশন প্লেটের ওপর ফিয়োনাকে দাঁড় করানোর চেষ্টাও করা হয়।

চিড়িয়াখানার পরিচালক জেনিকি বলেন, ‘আমাদের প্রাণী পরিচর্যাকারী দল তাকে বাঁচাতে বীরত্বপূর্ণ চেষ্টা করেছে। তারা সম্ভাব্য সবকিছুই করেছে, কিন্তু তার শরীর আর লড়াই করতে পারেনি।’

২০১৭ সালে জন্মের সময় ফিয়োনার ওজন ছিল মাত্র ১৩ কেজি। জলহস্তীর স্বাভাবিক জন্ম ওজনের তুলনায় তা ছিল অনেক কম। জন্মের পর থেকেই বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়েছিল তাকে। চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, মানুষের তত্ত্বাবধানে জলহস্তী সাধারণত প্রায় ৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। সে হিসাবে অল্প বয়সেই তার মৃত্যু হলো।

বিজ্ঞাপন

প্রাণী অধিকার সংস্থা পেটার বন্দী বন্যপ্রাণী বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ডেবি মেটজলার বলেন, ‘যদিও এটি কোনো ইচ্ছাকৃত ঘটনা ছিল না, তবুও ফিয়োনার এই যন্ত্রণাদায়ক মৃত্যু সবার জন্য একটি করুণ সতর্কবার্তা যে প্রাণীদের আশেপাশে সবার অত্যন্ত সতর্ক ও শ্রদ্ধাশীল আচরণ করা উচিত।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিয়মকানুন পর্যালোচনা করা উচিত। একই সঙ্গে দর্শনার্থীদের নিজেদের জিনিসপত্র নিরাপদে রাখা এবং প্রাণীদের খাঁচার দিকে কোনো কিছু না ছোড়ার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি ফিয়োনাকে ঘিরে তৈরি হয়েছিল বিশেষ আইসক্রিমের ফ্লেভার। এমনকি সিনসিনাটি ব্যালেতেও তাকে নিয়ে একটি চরিত্র তৈরি করা হয়েছিল।

বিজ্ঞাপন

সিনসিনাটির মেয়র আফতাব পুরেভাল ফিয়োনাকে শহরের ‘অধ্যবসায় এবং আনন্দের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘শিশু থেকে শুরু করে বাবা-মা এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থী—অসংখ্য মানুষের মুখে সে হাসি ফুটিয়েছিল। আমাদের পুরো শহর আজ শোকে কাতর, তবে সে যে আমাদের জীবন এবং পুরো সমাজের অংশ ছিল, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ।’

সূত্র: বিবিসি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD