পবিত্র মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বিশেষ সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি রাজপরিবারের অনুমতি নিয়ে পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন তিনি। রাষ্ট্রপ্রধানদের মধ্যেও খুব সীমিতসংখ্যক ব্যক্তিকে এ ধরনের সুযোগ দেওয়া হয়।
বিজ্ঞাপন
গত ১ নভেম্বর কাবার ভেতরে নামাজ আদায় করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। এ সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন রাজ্য গভর্নর, ছেলে ইয়িনকা তিনুবু, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন বিইউএ গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ এবং ওয়ান্দো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়ালে তিনুবু।
কাবার অভ্যন্তরে নামাজ আদায়ের পাশাপাশি পবিত্র হাজরে আসওয়াদেও চুম্বন করেন তিনুবু। এ সময় কাবার গিলাফের চারপাশে নাইজেরিয়ার জাতীয় পতাকার প্রতীকী সবুজ ও সাদা রঙের সাজসজ্জা দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে গত ২৯ অক্টোবর সৌদি আরবের মক্কায় পৌঁছান নাইজেরিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার ভোরে মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এ সময় পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড়ের মধ্যে সায়ি সম্পন্ন করে নিজ দেশের শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনুবু বলেন, পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া তার জীবনের একটি ঐতিহাসিক সম্মান। দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা কামনা করেছেন।
এ বিশেষ সুযোগ করে দেওয়ায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।








