Logo

আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ২২:০৩
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী
ছবি: সংগৃহীত

ব্রাজিলের আমাজন অরণ্যে বহির্বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগহীন অবস্থায় বসবাস করা আওয়া আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য বিরল এক ঘটনায় বন থেকে বেরিয়ে এসেছেন। প্রথমবারের মতো সরকারি একটি দলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারা খাবার হিসেবে কাসাভা ও মিষ্টি আলু চেয়েছেন।

বিজ্ঞাপন

গত সোমবার (১৬ নভেম্বর) ব্রাজিলের আমাজন অঞ্চলে ঘটে যাওয়া এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক আদিবাসী অধিকারবিষয়ক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল ঘটনাটির দৃশ্য প্রকাশ করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বন থেকে বেরিয়ে আসা আদিবাসীরা সরকারি দলের কাছে খাবার চান। প্রয়োজনীয় খাবার সংগ্রহের পর তারা আবারও অরণ্যের গভীরে ফিরে যান। প্রতিবেশী গুয়ারাজারা আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করেন।

ব্রাজিলের আমাজন অঞ্চলে আওয়া জনগোষ্ঠীর মোট সদস্যসংখ্যা প্রায় ৩৫০। তাদের মধ্যে আনুমানিক ১০০ জন এখনো বাইরের বিশ্বের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বসবাস করছেন। তারা মূলত তুপি-গুয়ারানি ভাষাপরিবারের গুয়াজা ভাষায় কথা বলেন। শিকার এবং বনজ সম্পদ সংগ্রহ করেই তাদের দৈনন্দিন জীবন চলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক এই যোগাযোগের ঘটনা তাদের অস্তিত্বের সংকটকে নতুন করে সামনে এনেছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিরা তাদের আবাসভূমি আরারিবোইয়া অঞ্চলে প্রবেশ করছে। এতে আদিবাসীদের খাদ্যসংস্থান, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে পড়েছে।

আওয়া জনগোষ্ঠীর বসবাসের বনাঞ্চল রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিবেশী গুয়ারাজারা সম্প্রদায়ের ‘ফরেস্ট গার্ডিয়ানস’ বা বনপ্রহরী দল। অবৈধ কাঠুরে ও খামারিদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে এই দলের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে বনপ্রহরীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, দাবানল, নির্বিচারে বন উজাড় এবং ভূমি দখল আওয়া জনগোষ্ঠীর জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। আদিবাসীদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ব্রাজিল সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আদিবাসীদের বসবাসের বনাঞ্চলে অব্যাহত অনুপ্রবেশ তাদের অস্তিত্বের জন্য গুরুতর বিপদ তৈরি করছে। চারপাশে বন ধ্বংসের কারণে আওয়া জনগোষ্ঠী ক্রমেই ছোট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ছে। তাদের ঐতিহ্যবাহী আবাসভূমি আরারিবোইয়া রক্ষায় ব্রাজিল সরকারকে প্রয়োজনীয় অর্থ ও সম্পদ বরাদ্দের পাশাপাশি কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে আওয়া জনগোষ্ঠীর একটি অংশকে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বসতিতে স্থানান্তর করা হয়েছিল। তবে স্থানান্তরের পরও তারা নিজেদের ঐতিহ্যবাহী জীবনধারা অনেকাংশে ধরে রেখেছেন। বর্তমানে বনাঞ্চল ধ্বংস ও বহিরাগতদের অনুপ্রবেশ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD