যুদ্ধবিরতির মধ্যেই গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল

টানা দুই বছর বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার থেকে মধ্য গাজার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের তৈরি একটি সুড়ঙ্গপথ ধ্বংস করতেই এই অভিযান শুরু হয়েছে।
বিজ্ঞাপন
ফরাসি বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি ট্যাংকের অবস্থান দেখতে পান। পরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আইডিএফ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান পরিচালনা করছে।
বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করা এ অভিযানের মূল উদ্দেশ্য। ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামাসের নির্মিত ওই সুড়ঙ্গটি তাদের জন্য সরাসরি ও বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠেছিল।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ নির্ধারণ করে ইসরায়েল। এই সীমারেখার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো আলাদা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে মধ্য গাজায় নতুন করে সামরিক তৎপরতা শুরুর পাশাপাশি বিভিন্ন স্থানে গোলাবর্ষণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করছে। দুপুরের পর থেকে মধ্য গাজায় সামরিক যান চলাচলের পাশাপাশি গোলাগুলি ও বিমান হামলাও অব্যাহত ছিল।
নিরাপত্তার আশঙ্কায় ওই এলাকার অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে এমন অনেক পরিবার রয়েছে, যারা আগেও একাধিকবার যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছেন।
বিজ্ঞাপন
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলি ড্রোনের তিনটি পৃথক হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে একজন, গাজা শহরে একজন এবং মধ্য গাজার দেইর আল-বালাহ পুলিশ স্টেশনের বাইরে একজন রয়েছেন।
তবে এসব হামলার সঙ্গে চলমান স্থল অভিযানের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এএফপিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম দুটি হামলায় তাদের লক্ষ্যবস্তু ছিল ‘সন্ত্রাসীরা’। তবে তৃতীয় হামলার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজার প্রায় ২১ লাখ বাসিন্দার অধিকাংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘ সংঘাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে সামরিক অভিযান শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।
বিজ্ঞাপন
আল-বুরেইজ শরণার্থী শিবিরের বাসিন্দা উম আহমাদ আল-তারতুরি এএফপিকে বলেন, “গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম; বিশেষ করে আমরা যেখানে থাকি, তা অনুপ্রবেশের স্থানগুলোর খুব কাছেই।”
একই শরণার্থী শিবিরের ২৭ বছর বয়সী বাসিন্দা মাহমুদ আল-সাফিন বলেন, “আমাদের আশঙ্কা, এটি হয়তো আরও বড় কোনো অভিযানের শুরু এবং আবারও নতুন করে বাস্তুচ্যুতির ঘটনা ঘটতে পারে। অথচ আগের যুদ্ধ ও বাস্তুচ্যুতির ধকল থেকেই আমরা এখনো পুরোপুরি সেরে উঠতে পারিনি।”
এদিকে ইসরায়েলে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই গাজায় এই স্থল অভিযান শুরু হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিরোধী নেতা গাদি আইজেনকোট সরকার গঠনের চেষ্টা করছেন। এই প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নেতৃত্ব ও সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেতানিয়াহুর।
বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মধ্য গাজায় তাদের স্থল অভিযান তখনো অব্যাহত ছিল।
সূত্র: এএফপি ও এনডিটিভি ওয়ার্ল্ড








