শীতে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা ইউনিসেফের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঘরবাড়ি ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো পরিবার নতুন করে সংকটে পড়েছে। এর মধ্যে শীত মৌসুম শুরু হওয়ায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
বিজ্ঞাপন
গাজা সিটি থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনিসেফ প্যালেস্টাইনের যোগাযোগবিষয়ক প্রধান টবি ফ্রিকার বলেন, ‘আমরা কিছু ত্রাণ সামগ্রী পাচ্ছি যেমন-কিছু ত্রিপল, তাঁবু এবং শিশুদের জন্য শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী। কিন্তু প্রয়োজনের তুলনায় এখনো খুবই কম। আরও বড় পরিসরে এসব সহায়তা সরবরাহ করা জরুরি।’
তিনি জানান, সাম্প্রতিক বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। তাদের অনেকের অস্থায়ী আশ্রয়কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কিছু আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় ইউনিসেফের কর্মীরা পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে নতুন তাঁবু সরবরাহের কাজ করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিশুরা অস্থায়ী শিক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ রক্ষার চেষ্টা করছে।
গাজায় ভবন ধসে পড়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের এই কর্মকর্তা। তার দেওয়া তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে প্রায় ৪ হাজার ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে। গত সেপ্টেম্বরে একটি ভবন ধসে ১২ শিশুসহ ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
টবি ফ্রিকার বলেন, গাজার বাসিন্দাদের আরও নিরাপদ ও টেকসই আশ্রয়ে থাকার কথা। কিন্তু চলমান মানবিক সংকটের কারণে তাদের চতুর্থবারের মতো শীত মৌসুম অস্থায়ী আশ্রয়ে কাটাতে হচ্ছে। গাজার প্রায় ৪ লাখ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, যাদের অর্ধেকই শিশু।
বিজ্ঞাপন
শীতের শুরুতেই পরিস্থিতির অবনতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের মনে রাখা দরকার, শীতকাল মাত্র শুরু হয়েছে। ফলে সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই বেশি।’








