Logo

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, প্রাণ গেল আটজনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর, ২০২৬, ২২:১১
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, প্রাণ গেল আটজনের
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় পৃথক দুটি ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) গাজার স্বাস্থ্যকর্মী এবং হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলে চালানো পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। গাজা নগরীতে চালানো হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলের অভিযোগ, প্রায় এক বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে হামাস আবারও নিজেদের সংগঠিত করছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক কয়েক সপ্তাহে গোষ্ঠীটির বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান বেড়েছে।

বিজ্ঞাপন

তবে নতুন করে হামলা চালানো কিংবা অস্ত্র সংগ্রহের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। গাজা শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে সংগঠনটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে গাজা উপত্যকা পুনর্গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু হামাসের অস্ত্র সমর্পণ এবং উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিয়ে আলোচনা সফল হয়নি। ফলে পুনর্গঠন কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। এর আগে এসব এলাকা থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

বিজ্ঞাপন

বর্তমানে গাজার ২০ লাখের বেশি মানুষের অধিকাংশই উপত্যকার অবশিষ্ট প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় আশ্রয় নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত বাড়িঘরে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন তারা। এসব এলাকার ওপর এখনও হামাসের কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের দাবি, একই সময়ে তাদের চারজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ওই ঘটনার পর গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD