Logo

রাহুলকে ‘ভারতের মীরজাফর’ বললেন বিজেপি নেতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬, ১৪:৪৮
রাহুলকে ‘ভারতের মীরজাফর’ বললেন বিজেপি নেতা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাঁকে ‘অপরিণত’, ‘ভারতবিরোধী’ এবং ‘ভারতের মীরজাফর’ আখ্যা দিয়ে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছে দলটি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে গৌরব ভাটিয়া দাবি করেন, বিদেশ সফরে গিয়ে ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, রাহুল যখনই দেশের বাইরে যান, তখনই ভারতের শক্তিশালী ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।

ভাটিয়া বলেন, ভারতের গণতন্ত্র স্থিতিশীল এবং অর্থনীতি শক্তিশালী। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর মতো একজন ‘নৈরাজ্যবাদী’ ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজেপির এই মুখপাত্র আরও অভিযোগ করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন রাহুল। তাঁর দাবি, রাহুলের বক্তব্যে তথ্যের পরিবর্তে মিথ্যা ও অপপ্রচার প্রাধান্য পাচ্ছে। কোনো তথ্যভিত্তিক গবেষণা ছাড়াই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে তিনি দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছেন।

রাহুলের বিদেশ সফরের সময় নিয়েও প্রশ্ন তোলেন গৌরব ভাটিয়া। তাঁর অভিযোগ, সংসদের অধিবেশন শুরুর ঠিক আগে প্রায়ই বিদেশ সফরে যান কংগ্রেস নেতা। এ প্রসঙ্গে ভাটিয়া বলেন, ভারতের গণতন্ত্র কীভাবে অস্থিতিশীল করা যায়, সে বিষয়ে পরামর্শ নিতেই হয়তো রাহুল তাঁর ‘প্রভু’ জর্জ সোরোসের কাছে যান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতিক ইলহান ওমরের কাছ থেকেও তিনি নির্দেশনা নিতে পছন্দ করেন বলে দাবি করেন বিজেপির এই নেতা। রাহুলের সঙ্গে ইলহান ওমরের সাক্ষাতের বিষয়টিও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ভাটিয়া বলেন, রাহুল গান্ধীর ভারতবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জবাব তথ্য-প্রমাণের ভিত্তিতেই দেওয়া উচিত।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুলকে কটাক্ষ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি। তিনি মন্তব্য করেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তাঁর পাসপোর্টে নতুন একটি সিল পড়ে এবং ভারতবিরোধী অপপ্রচারও নতুন একটি গন্তব্য খুঁজে পায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD