Logo

মোদির সঙ্গে মুখোমুখি বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ২২:২৫
মোদির সঙ্গে মুখোমুখি বিতর্কে বসতে চান রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন, সেই সিদ্ধান্তও প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিতে চান তিনি। এমনকি বিচারক হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের নামও প্রস্তাব করেছেন কংগ্রেস নেতা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নরেন্দ্র মোদিকে আবারও সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল।

রাহুল গান্ধীর প্রস্তাব, একটি টেবিলের দুই পাশে মুখোমুখি বসবেন প্রধানমন্ত্রী ও তিনি। সেখানে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং দেশের তরুণ প্রজন্ম। বিতর্কের বিচারক কে হবেন, তা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করতে পারবেন।

রাহুল বলেন, টেবিলের একদিকে প্রধানমন্ত্রী থাকবেন, অন্যদিকে তিনি নিজে। প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা বিচারক হিসেবে বেছে নিতে পারেন। এমনকি মোহন ভাগবতকেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাহুলের এই আহ্বানের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত। বিরোধীদের দেশবিরোধী এবং বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। সেই অভিযোগের জবাব দিতেই প্রকাশ্য বিতর্কের মঞ্চ তৈরি করতে চাইছেন কংগ্রেস নেতা।

রাহুলের দাবি, বিতর্কে দেশের আর্থিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং জেফরি এপস্টেইনকে ঘিরে বিতর্কের মতো বিষয় নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।

রাহুলের এই আহ্বানকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক আলোচনা নতুন মাত্রা পেয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের জবাব চাওয়া হচ্ছে। বিপরীতে বিজেপি নেতারা সংসদকেই রাজনৈতিক মতবিনিময় ও বিতর্কের উপযুক্ত জায়গা হিসেবে তুলে ধরছেন।

বিজ্ঞাপন

তবে রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রহণ করবেন কি না, তা এখনো জানা যায়নি। ফলে প্রস্তাবিত প্রকাশ্য বিতর্ক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD