Logo

সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ২০:৫৪
সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারির পর গোষ্ঠীটি এ দাবি জানায়।

বিজ্ঞাপন

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন হুথি যোদ্ধারা।

বুধবার ভোরে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের এক সতর্কবার্তায় বলা হয়, ‘সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে রিয়াদ প্রদেশে জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্ম থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।’ তবে কিছু সময় পরই সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।

রিয়াদের প্রধান বিমানবন্দরটিতে হুথিদের হামলার দাবি এবারই প্রথম নয়। গত অক্টোবরের শুরুতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি। ওই ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তার কারণে বিমানবন্দরটির ফ্লাইট চলাচল প্রায় দুই সপ্তাহ বন্ধ রাখা হয়। পরে অক্টোবরের শেষ দিকে সীমিত পরিসরে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সৌদি আরবের অভ্যন্তরীণ বিমানবন্দর, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অন্তত ২০টির বেশি হামলা কিংবা হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুথিরা। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে তাদের যুদ্ধ শুরু হয়। দীর্ঘ মধ্যস্থতার পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত ছড়িয়ে পড়ার পর সৌদি আরব ও ইয়েমেনের সীমান্ত এলাকায় হামলার ঘটনা আবার বেড়েছে।

লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নৌপথ অবরোধের পাশাপাশি সৌদি আরবের বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে রিয়াদ এবং তার পশ্চিমা মিত্রদের ওপর চাপ তৈরির চেষ্টা করছে হুথিরা।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD