যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদের জয়

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তাঁর এই সাফল্যে জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে এলাকার গর্বিত সন্তান হিসেবে অভিহিত করছেন।
বিজ্ঞাপন
জর্জিয়া স্টেট সিনেটের নির্বাচনি ফলাফলের তথ্য অনুযায়ী, সাধারণ নির্বাচনে ৫ নম্বর আসনে শেখ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রাথমিক ফলাফলে তাঁর নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।
এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয়ের ঝুলিতে যায় ৫ হাজার ১৬৬ ভোট।
২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। এর মধ্য দিয়ে তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি পান। এরপর থেকে সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি।
বিজ্ঞাপন
শেখ রহমানের শিকড় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। তাঁর বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া শেখ রহমান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। পরবর্তী সময়ে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। তিন ভাই ও চার বোনের মধ্যে তাঁর অবস্থান দ্বিতীয়।
শেখ রহমানের পুনর্নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর বাজিতপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ দেখা গেছে। তাঁর ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এই অর্জন কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। তবে শেখ রহমান সফলভাবে সেই পথ পাড়ি দিচ্ছেন। ভবিষ্যতে আরও বড় পদে অধিষ্ঠিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশা করেন তাঁরা।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা মহির উদ্দিনও শেখ রহমানের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাজিতপুরের সন্তান আবারও যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হওয়ায় তাঁরা খুশি। বিদেশের মাটিতে তিনি বাংলাদেশের পাশাপাশি এলাকার নামও উজ্জ্বল করছেন। এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে এবং নিয়মিত তাঁদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন শেখ রহমান। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়ে ওই আসনে নিজের অবস্থান ধরে রাখলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিক।








