Logo

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি টানালো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৮:৫৫
তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি টানালো ইরান
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল আকারের বিলবোর্ড টানানো হয়েছে। এসব প্রচারে ট্রাম্পের পাশাপাশি মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের ছবি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের নানা বার্তা তুলে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ব্যস্ততম এলাকাগুলোর অন্যতম ভালিয়াসার চত্বরসহ বিভিন্ন স্থানে এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পথচারীদের দৃষ্টি আকর্ষণ করা এসব প্রচারে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন বার্তা রয়েছে।

‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি বিশাল এক বিলবোর্ডে ট্রাম্পের ঠোঁট সেলাই করা ও মুখ বন্ধ অবস্থার ছবি দেখা যায়। পেছনে রয়েছে হরমুজ প্রণালীর দৃশ্য। বিলবোর্ডে লেখা হয়েছে, ‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।

স্টুডিওটির ৩২ বছর বয়সী ব্যবস্থাপক মোস্তফা কাফায়ি বলেন, বড় কোনো খবর এলে তাদের দল দ্রুত কাজ শুরু করে। নতুন ধারণা তৈরি করে গ্রাফিক ডিজাইনারদের নির্দেশনা দেওয়া হয় এবং সবাই মিলে বিলবোর্ডের কাজ শেষ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মোস্তফার স্টুডিওতে সংবাদ পর্যবেক্ষণের জন্য একটি দলও রয়েছে। তারা দেশটির অন্যতম বৃহৎ সরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের অধীনে কাজ করে। সরকারের অর্থায়নে তৈরি এসব বিলবোর্ড মূলত সরকারি বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়।

অন্য একটি বিলবোর্ডে ট্রাম্পকে জাদুকরের বাক্সের ভেতরে আটকে থাকতে দেখা যায়। তার হাতে রয়েছে কোকা-কোলা ও হ্যামবার্গার। সেখানে লেখা, ‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’

বিলবোর্ডটির মাধ্যমে তুরস্কে জুলাই মাসের একটি ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাঝুঁকির কারণে ওই সময় ট্রাম্পকে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে একটি ক্যাটারিং ট্রাকে করে গোপনে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

মোস্তফা বলেন, ‘দ্রুত কাজ করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ তার ভাষ্য, প্রায় আটজনের একটি দল মাত্র কয়েক দিনের মধ্যে একটি বিলবোর্ডের কাজ শেষ করে।

তিনি জানান, তাদের বেশির ভাগ কাজ ফটোশপে তৈরি করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও ব্যবহার করেন তারা। চ্যাটজিপিটি ও ন্যানো ব্যানানার মতো এআই টুল ব্যবহারের কথাও জানান তিনি।

তেহরানের আরেকটি বিশাল বিলবোর্ডে দেখা যায়, একজন ইরানি সেনা একটি মার্কিন ড্রোনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এতে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হরমুজ প্রণালীতে একটি ড্রোন আটকের ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘ব্যবসা ভালোই চলছে।’

বিজ্ঞাপন

আরেকটি বিলবোর্ডে উত্তাল সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা এক পৌরাণিক যোদ্ধার পেছনে মার্কিন যুদ্ধজাহাজে আগুন জ্বলতে দেখা যায়। সেখানে লেখা, ‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’

অন্য একটি ছবিতে ট্রাম্পকে পানির নিচে একটি ডলারের নোট ধরার চেষ্টা করতে দেখা যায়। পাশে লেখা, ‘বিশাল বিজয়! হরমুজ প্রণালী।’

বিলবোর্ডগুলোতে ট্রাম্পের ছবি এত বেশি ব্যবহারের কারণ জানতে চাইলে মোস্তফা বলেন, ‘ট্রাম্প একজন মিডিয়া ব্যক্তিত্ব... তিনি যখনই ওই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেন, আমরাও তার উপযুক্ত জবাব দিই।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD