Logo

২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৬:৫১
২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেডিকেয়ার কর্মসূচির আওতায় থাকা দুই কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ দেওয়া হবে। মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচি উন্নয়নে কংগ্রেস ওই তহবিলে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের ব্যাংক হিসাব নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে। এসব চেকও অক্টোবরের শুরুতেই পৌঁছানোর কথা রয়েছে।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এই ঘোষণা সামনে এলো। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্য রয়েছে রিপাবলিকান পার্টির। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান খুবই কম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানির উচ্চমূল্যের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে ভোটারদের জন্য একাধিক আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

গত মাসে তিনি বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন।

এদিকে ট্রাম্প প্রশাসন প্রায় ১০ লাখ নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি উদ্যোগ নিয়েছে। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল। ওই অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবে ৫০০ ডলার করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD