ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। তাদের দাবি, মূল ছবিটিকে প্রশ্নবিদ্ধ করতে একটি আলাদা এআই-জেনারেটেড ছবি ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে ২২ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও অংশ নেন। নৈশভোজের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয় তা প্রকাশ করে।
প্রেস উইংয়ের ভাষ্য, ছবি প্রকাশের পর একটি পক্ষ সেটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে প্রচারের চেষ্টা করছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের জন্য এর সঙ্গে আরেকটি এআই-নির্মিত ছবি যুক্ত করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রেস উইং জানায়, ওই এআই-নির্মিত ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। তাদের দাবি, এই ভুয়া ছবিটিকে বাস্তব হিসেবে উপস্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা চলছে।
প্রেস উইং আরও উল্লেখ করেছে, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net গত ২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের কথিত ছবিটি যাচাই করে সেটিকে এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করেছিল।
এর পরিপ্রেক্ষিতে প্রেস উইং বলেছে, যে ছবিকে ওই প্রতিবেদনে এআই-নির্মিত বা বিকৃত হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটিকেই এখন ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ছবিতে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দেখা যায়।








