জয় পেলেই ইন্দোনেশিয়া সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতায় নির্ধারিত সময়ের আগে যেতে না পারলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। একই সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে তিনটি ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় পৌঁছে জামাল বলেন, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম। কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি। তবে অবশেষে আমরা এখানে এসেছি।’
সফরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই কঠিন হবে জানিয়ে জামাল বলেন, ‘কোচ যেমন বলেছেন, আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা জানি, এটি কঠিন হতে যাচ্ছে। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের ভালো আত্মবিশ্বাস রয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়া সফরকে শুধু ফলাফলের দিক থেকে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ থাকায় এই সফরকে প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন তারা।
বিজ্ঞাপন
জামাল বলেন, ‘কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য।’
তবে প্রস্তুতিমূলক ম্যাচ হলেও মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল পেতে চায় বাংলাদেশ। জামালের মতে, কয়েকটি পয়েন্ট কিংবা এক-দুটি জয় নিয়ে ফিরতে পারলে সেটিই হবে দলের জন্য সফল সফর।
বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই। যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।’








