Logo

কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৪
কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন কাবাডি। দীর্ঘ দুই দশক পর পুরুষ কাবাডি দল আবারও পদক জয়ের কাছাকাছি পৌঁছেছিল। তবে জাপানের কাছে হারের পর জটিল সমীকরণে আটকে শেষ পর্যন্ত পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, জাপান, চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়া। ভারত চার ম্যাচেই জয় পেয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া সব ম্যাচে হেরেছে। বাংলাদেশ, জাপান ও চাইনিজ তাইপে দুটি করে ম্যাচ জেতায় তিন দলের পয়েন্ট সমান হয়ে যায়। এরপর পয়েন্ট ব্যবধানের হিসাবেই নির্ধারিত হয় সেমিফাইনালের দ্বিতীয় দল।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো দল কোনো ম্যাচে মোট পয়েন্টের ২৫ শতাংশের কম অর্জন করলে সেই ম্যাচের ফল গ্রুপের সেরা নির্ধারণের হিসাবের বাইরে রাখা হয়। দক্ষিণ কোরিয়া কোনো ম্যাচে ওই সীমা পূরণ করতে না পারায় তাদের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে বাংলাদেশ, জাপান ও চাইনিজ তাইপের হিসাব করা হয়।

এই হিসাবে বাংলাদেশ তিন ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে ১১০ পয়েন্ট অর্জন করে এবং ১৩৫ পয়েন্ট দেয়। ফলে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়ায় -২৫। অন্যদিকে চাইনিজ তাইপে ১০২ পয়েন্ট অর্জনের বিপরীতে ১১৫ পয়েন্ট দিয়ে ব্যবধান রাখে -১৩। ফলে বাংলাদেশকে পেছনে ফেলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে বাংলাদেশ ৪৮-২৫ পয়েন্টে হেরেছিল। অন্যদিকে চাইনিজ তাইপে ভারতের কাছে হারে ৩৭-২১ ব্যবধানে। অর্থাৎ ভারতের কাছে বাংলাদেশের হারের ব্যবধান বেশি হওয়ায় চূড়ান্ত সমীকরণে সেটিও প্রভাব ফেলেছে।

অন্যদিকে স্বাগতিক জাপান দক্ষিণ কোরিয়াকে ৬৫-৩২ পয়েন্টে হারিয়ে সামগ্রিক ব্যবধানে এগিয়ে যায়। তবে দক্ষিণ কোরিয়ার ম্যাচটি হিসাবের বাইরে থাকায় বাংলাদেশ, জাপান ও চাইনিজ তাইপের মধ্যে চূড়ান্ত হিসাব করলে জাপানও সেমিফাইনালে উঠতে পারেনি। তিন ম্যাচে জাপান ৯৪ পয়েন্ট অর্জন করে এবং ১২০ পয়েন্ট দেয়। তাদের ব্যবধান দাঁড়ায় -২৬।

পদক হাতছাড়া হওয়ার পর বাংলাদেশ দলের কোচ আব্দুল জলিল বলেন, জাপানের কাছে হারের কারণেই মূলত তারা সমীকরণে পিছিয়ে পড়েছিলেন। তার মতে, চাইনিজ তাইপের বিপক্ষে আরও কিছু পয়েন্টের ব্যবধানে জয় এবং ভারতের কাছে তুলনামূলক কম ব্যবধানে হারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চাইনিজ তাইপেকে হারানোর পর বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে পদক জয়ের উচ্ছ্বাস দেখা গিয়েছিল। কর্মকর্তাদের পতাকা হাতে ছবি তুলতেও দেখা যায়। তবে তখনো জাপানের বিপক্ষে ম্যাচ বাকি ছিল। জাপানকে তুলনামূলকভাবে হালকাভাবে নেওয়ার ফলেই ওই ম্যাচে হারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

কোচ জলিলও অতিরিক্ত উদযাপনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, চাইনিজ তাইপের বিপক্ষে জয়টি পদকের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে সেই জয়ের বহিঃপ্রকাশ অতিরিক্ত হয়ে গিয়েছিল। জাপানের বিপক্ষে ম্যাচে মূলত দলের ডিফেন্সই বড় সমস্যা হয়ে দাঁড়ায় বলেও জানান তিনি।

এদিকে গত ১৮ জুলাই একযোগে ২৭টি ফেডারেশনের কমিটি পরিবর্তনের পর কাবাডি ফেডারেশনেও নতুন নেতৃত্ব এসেছে। ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার বলেন, কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করতে চাইলেও তা সম্ভব হয়নি। তার মতে, প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশের তুলনায় বেশি প্রস্তুতি নিয়ে এশিয়ান গেমসে এসেছে। তিনি আধুনিক কোচিংয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

কাবাডিতে খেলোয়াড় নির্বাচন ও কোচিংয়ের ক্ষেত্রে যোগ্যতা ও সামর্থ্যের পাশাপাশি কোচদের পছন্দ-অপছন্দের প্রভাব থাকার অভিযোগও রয়েছে। একই সঙ্গে দলের দুই কোচ আব্দুল জলিল ও বাদশার মধ্যে মতানৈক্যের বিষয়টিও আলোচনায় এসেছে।

এশিয়ান গেমসের প্রস্তুতিতে কাবাডি ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম অর্থায়ন পাওয়া ডিসিপ্লিন। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে দলটি অনুশীলন করেছে। আগের কমিটির পক্ষ থেকে গেমসের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও ছিল। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদেশে টুর্নামেন্ট খেলার সুযোগ হয়নি।

বিদায়ী সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের সময়ে এশিয়ান গেমসের পরিকল্পনা ও প্রস্তুতির বড় অংশ সম্পন্ন হয়েছিল। ফলাফল নিয়ে তিনি বলেন, দায়িত্বে থাকাকালে দলকে যত্নের সঙ্গে প্রস্তুত করার এবং সব কাজ পেশাদারভাবে করার চেষ্টা করা হয়েছিল। পদক জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি হতাশ বলেও জানান।

বিজ্ঞাপন

পদকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া হওয়ায় এখন বাংলাদেশের কাবাডি দলের প্রস্তুতি, ম্যাচ পরিকল্পনা, খেলোয়াড় নির্বাচন ও পেশাদার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD