বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় যুক্ত হতে যাচ্ছে নতুন আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। দলটির ২২.৫ শতাংশ মালিকানা মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করছেন অন্যতম মালিক জয় মেহতা। এ নিয়ে প্রায় ৪০ কোটি ডলারের একটি চুক্তি হচ্ছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ নগদ অর্থে সম্পন্ন হতে যাওয়া এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তিটি কার্যকর হলে কলকাতা নাইট রাইডার্সের সামগ্রিক বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১৭৮ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। নিজের মালিকানার অর্ধেক, অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করছেন তিনি। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার থাকছে বলিউড তারকা শাহরুখ খানের হাতে। সহ-মালিক হিসেবে থাকছেন জুহি চাওলাও।
চুক্তির নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে হিসাবে বোর্ডের প্রাপ্তির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ডলার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের আগে আটটি ফ্র্যাঞ্চাইজির নিলাম অনুষ্ঠিত হয়। সে সময় শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা একত্র হয়ে গঠন করেন ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’। এরপর থেকেই আইপিএলের অন্যতম জনপ্রিয় দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।
অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন বড় ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও এনএফএলের দল মায়ামি ডলফিনসের সঙ্গেও প্রতিষ্ঠানটির অংশীদারত্ব রয়েছে। এ ছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নটিংহ্যামভিত্তিক দল ট্রেন্ট রকেটসের সহ-মালিকানায় রয়েছে তারা। কেকেআরে বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
এদিকে সাম্প্রতিক সময়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজারমূল্যও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর আগে রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের মূল্য নির্ধারিত হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপি। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৬৬০ কোটি রুপি। দলটিতে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারসের মতো প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে।
এ ছাড়া ২০২২ সালে সিভিসি ক্যাপিটাল গুজরাট টাইটান্স অধিগ্রহণ করেছিল। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে বাকি সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।
সব মিলিয়ে জয় মেহতার শেয়ার বিক্রির চুক্তি সম্পন্ন হলে কেকেআরের মালিকানায় যুক্ত হবে নতুন একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এতে আইপিএলের অন্যতম মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের অবস্থান আরও আলোচনায় আসবে।
বিজ্ঞাপন








