Logo

আইপিএলে আর দেখা যাবে না হেড-অভিষেকের বিধ্বংসী ‘ট্র্যাভিষেক’ জুটি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:৩৩
আইপিএলে আর দেখা যাবে না হেড-অভিষেকের বিধ্বংসী ‘ট্র্যাভিষেক’ জুটি
ছবি: সংগৃহীত

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ঝড় তোলা ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ওপেনিং জুটি ‘ট্র্যাভিষেক’ ভাঙতে যাচ্ছে। আসন্ন আইপিএলে খেলবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি এবং শারীরিক ধকল কমানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

হেডের এই সিদ্ধান্তে হায়দরাবাদের ওপেনিংয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দীর্ঘদিনের সফল এই জুটি ভেঙে যাওয়ায় দলের ব্যাটিং পরিকল্পনাতেও নতুন করে ভাবতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে আর্থিক দিক থেকে কিছুটা সুবিধা পেতে পারে হায়দরাবাদ। হেডকে ছেড়ে দিলে নিলামের জন্য তাদের অর্থের পরিমাণ বাড়বে।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের খেলোয়াড় নিলাম। এর আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার শেষ দিন আজ। ২০২৫ সালের মেগা নিলামের আগে হায়দরাবাদের ধরে রাখা পাঁচ বিদেশি ক্রিকেটারের একজন ছিলেন হেড। তাঁর পারিশ্রমিক ছিল ১৪ কোটি রুপি। ফলে তাঁকে ছেড়ে দিলে সমপরিমাণ অর্থ নিলামের জন্য খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি।

হেডের আইপিএল থেকে বিরত থাকার সিদ্ধান্তের পেছনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সূচিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত আগস্টে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, ২০২৭ সালের ক্রিকেট পরিকল্পনায় জাতীয় দলের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সে অনুযায়ী খেলোয়াড়দের ব্যস্ততা ও শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

আগামী বছর অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ২০টি টেস্ট ম্যাচ। জুনে আইপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর রয়েছে অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপ। এমন ব্যস্ত সূচির আগে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৪ সালের আইপিএল নিলামে মাত্র ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তখন প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরির পরিকল্পনায় ছিলেন একজন কার্যকর বাঁহাতি ওপেনার। ২০২৩ সালের নিলামে অবিক্রীত থাকা হেড সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

দুর্দান্ত ব্যাটিংয়ে ২০২৪ সালের আসরে হায়দরাবাদকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৪০ গড় এবং ১৯১.৫৫ স্ট্রাইক রেটে করেন ৫৬৭ রান। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় তাঁর দল।

বিজ্ঞাপন

হায়দরাবাদ ছিল আইপিএলে হেডের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। হায়দরাবাদের জার্সিতে ৪৩ ম্যাচে ৩২.৯৫ গড়ে এবং ১৭৬.১৪ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১ হাজার ৩৫১ রান।

তবে হেডের সবচেয়ে বড় সাফল্য এসেছে অভিষেক শর্মার সঙ্গে জুটি গড়ে। দুজনের আক্রমণাত্মক ব্যাটিং আইপিএলের পাওয়ারপ্লে ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছিল। তাঁদের জুটি শুধু হায়দরাবাদের ব্যাটিং শক্তিই বাড়ায়নি, টি-টোয়েন্টি ক্রিকেটের ওপেনিংয়ের প্রচলিত ধারণাতেও বড় পরিবর্তন এনেছে।

পরিসংখ্যানেও এই জুটির আধিপত্য স্পষ্ট। হায়দরাবাদের ইতিহাসে রানের হিসাবে দ্বিতীয় সফল ওপেনিং জুটি ট্র্যাভিষেক। শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পরই তাঁদের অবস্থান। ৪২ ইনিংসে দুজন মিলে ৪৬.১৪ গড়ে সংগ্রহ করেছেন ১ হাজার ৮৯২ রান। এর মধ্যে রয়েছে ছয়টি শতরানের জুটি এবং নয়টি অর্ধশতরানের জুটি।

বিজ্ঞাপন

শুধু রানসংখ্যায় নয়, আগ্রাসী ব্যাটিংয়ের দিক থেকেও আইপিএলের ইতিহাসে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছেন হেড ও অভিষেক। অন্তত এক হাজার রান করা জুটিগুলোর মধ্যে তাঁদের স্কোরিং রেট সর্বোচ্চ। প্রতি ওভারে গড়ে ১২.২৭ রান তুলেছেন তাঁরা।

এদিকে হেডের সম্ভাব্য বিদায়ের মধ্যেই দল পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলোয়াড় অদলবদল করে লেগ স্পিনার জিশান আনসারিকে ছেড়ে বাঁহাতি পেসার টি নটরাজনকে দলে নিয়েছে তারা।

চেন্নাই সুপার কিংসের সঙ্গেও বড় ধরনের খেলোয়াড় বিনিময় করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে ছেড়ে দিয়ে পেসার খলিল আহমেদ এবং নাথান এলিসকে দলে এনেছে হায়দরাবাদ। পাশাপাশি ৪ কোটি রুপির অলরাউন্ডার হার্শাল প্যাটেলকে নিয়ে গুজরাট টাইটান্সের সঙ্গে সম্ভাব্য ট্রেড নিয়েও আলোচনা চলছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে আসন্ন আইপিএলের আগে দল সাজানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছে হায়দরাবাদ। তবে হেডের অনুপস্থিতিতে অভিষেক শর্মার সঙ্গে নতুন ওপেনিং জুটি গড়ে তোলাই হবে তাদের অন্যতম বড় চ্যালেঞ্জ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD