গোল করে প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

গোল করে উদ্যাপনের মধ্যেই বিশেষ বার্তা দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ম্যাচ শেষে জানা গেল, সেই গোল তিনি উৎসর্গ করেছেন স্ত্রী ও নবজাতক সন্তানকে। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই তরুণ তারকা। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। গোলের পর দুই হাতে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এনদ্রিক জানান, গোলটি তিনি স্ত্রী ও নবজাতক সন্তানের উদ্দেশে উৎসর্গ করেছেন। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে গত জুলাইয়ে বেবি শাওয়ার অনুষ্ঠানের মাধ্যমে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি মিরান্ডা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, কেনদ্রিক নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও বিশেষ সম্পর্ক রয়েছে। মূলত এই নামটি এনদ্রিকের নিজের জন্যই পছন্দ করেছিলেন তাঁর বাবা-মা। নামটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও জড়িয়ে রয়েছে বলে মনে করেন তরুণ এই ফরোয়ার্ড।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এনদ্রিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, পরিবারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজের পেশাদার ক্যারিয়ারকেও অগ্রাধিকার দিতে চান। ভবিষ্যতে তাঁর সন্তান নিজেকে জনসমক্ষে তুলে ধরতে চাইবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের ওপর ছেড়ে দিতে চান তিনি।
এদিকে রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় আগামী শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার গুঞ্জনও রয়েছে এনদ্রিককে ঘিরে। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করতে তিনি সব সময় প্রস্তুত।








