Logo

অবশেষে অবসরের ঘোষণা দিলেন মহেন্দ্র সিং ধোনি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৭:১২
অবশেষে অবসরের ঘোষণা দিলেন মহেন্দ্র সিং ধোনি
ছবি: সংগৃহীত

আইপিএলে ক্রিকেটার হিসেবে দীর্ঘদিনের পথচলার ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নতুন মৌসুম শুরুর আগেই পেশাদার ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। এবার ফ্র্যাঞ্চাইজিটির টিম মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই তারকা।

বিজ্ঞাপন

গত কয়েক মৌসুম ধরেই আইপিএলে ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা ও নানা জল্পনা চলছিল। প্রতিটি আসরের আগে ভক্তদের মনে প্রশ্ন ছিল, পরের মৌসুমেও কি দেখা যাবে চেন্নাইয়ের সাবেক অধিনায়ককে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ভূমিকায় চেন্নাইয়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিনে ধোনির নতুন দায়িত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানায় চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, টিম মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

বিবৃতিতে চেন্নাই সুপার কিংস জানায়, ধোনির সঙ্গে কাটানো অসংখ্য জয়, চ্যালেঞ্জ ও স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। দলটির গৌরব অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির ভাষায়, ‘থালা’ সবসময় চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধোনির সঙ্গে চেন্নাইয়ের দীর্ঘ সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় এবং এর মাঝের সব কিছুর মধ্যে দিয়ে আমরা পরস্পরের হাত ধরে হেঁটেছি ও বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার নেপথ্যে একটাই কারণ রয়েছে– আমরা একে অপরকে নিয়ে কখনও প্রশ্ন তুলি না। সেই আস্থাই এই যাত্রাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে ধোনিকে চেন্নাই দলে নেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে শ্রীনিবাসন বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম যে, ধোনিকে সিএসকের অংশ হতেই হবে। পরে প্রমাণিত হয়েছে যে, এটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। চেন্নাইয়ের হয়ে ধোনি যেসব সাফল্য পেয়েছে সে কারণে নয়, বরং ও মানুষ হিসেবে যেরকম সেজন্য। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটা সবসময় ওর ঘর হয়ে থাকবে।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। মাঝখানে নিষেধাজ্ঞার কারণে ২০১৬ ও ২০১৭ মৌসুমে পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি। এরপর আবার চেন্নাইয়ে ফিরে নেতৃত্ব দেন দলটিকে।

বিজ্ঞাপন

ধোনির নেতৃত্বে চেন্নাই পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে, যা দলটিকে প্রতিযোগিতার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে। এ ছাড়া তার নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছে দলটি।

চেন্নাইয়ের হয়ে ১৭ বছরের পথচলায় ব্যাট হাতে ৩৮.৩০ গড়ে এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান করেছেন ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার ব্যাট-প্যাড তুলে রেখে নতুন দায়িত্বে দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার অপেক্ষায় ‘ক্যাপ্টেন কুল’।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD