তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা, চোটে মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটের কারণে নিজের ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে পেসার হাসান মাহমুদকে। তাঁর এমন আকস্মিক মাঠ ছাড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে টাইগার শিবির।
বিজ্ঞাপন
আগের দিন মাথায় আঘাত পেয়েছিলেন হাসান। এবার সমস্যায় পড়েছেন কনুইয়ে। বেশ কিছুদিন ধরেই টেনিস এলবো সমস্যায় ভুগছিলেন এই পেসার। তৃতীয় দিনের সকালে নিজের ওভারে চারটি বল করার পর আর বোলিং চালিয়ে যেতে পারেননি তিনি।
এ সময় মাঠে ছুটে আসেন দলের ফিজিও। প্রাথমিকভাবে শুশ্রূষা দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বোলিংয়ে ফিরতে পারেননি হাসান। ফলে অসমাপ্ত ওভার রেখেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল বাংলাদেশের বোলারদের ওপর। নতুন বলে হাসান মাহমুদের কাছ থেকেই সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল দলের। চলতি ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম বোলারও তিনি।
বিজ্ঞাপন
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামকে দ্রুত সাজঘরে ফেরানোর পাশাপাশি দ্বিতীয় দিনের শেষ দিকে আরও দুটি উইকেট তুলে নিয়েছিলেন হাসান। তাঁর এমন কার্যকর বোলিংয়ের মধ্যেই চোটের কারণে মাঠ ছাড়তে হওয়ায় বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশেষ করে বাংলাদেশ দল এই টেস্টে মাত্র চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে। তিন পেসারের সঙ্গে রয়েছেন একজন স্পিনার। ফলে হাসান আর বোলিং করতে না পারলে বাকি বোলারদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে উঠতে পারে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ৪০০ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা।
বিজ্ঞাপন
জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৩১৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ৮২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
এমন পরিস্থিতিতে হাসান মাহমুদের চোট বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁর মাঠে ফেরার বিষয়টি এখন ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।








