ভিনির প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো নিয়ে যা বললেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে নতুন করে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার ও ভার্জিনিয়ার পক্ষ।
বিজ্ঞাপন
ব্রাজিলের সাও পাওলোতে নেইমারের আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ভার্জিনিয়ার উপস্থিতি ঘিরেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, এই ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীর সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।
টিওয়াইসি স্পোর্টসের প্রাথমিক প্রতিবেদন এবং মেত্রোপোলিস ওয়েবসাইটের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর নেইমারের একটি বিশেষ ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছিলেন ভার্জিনিয়া। সাংবাদিক ফ্যাবিয়া অলিভেইরা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, অনুষ্ঠানটিতে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ছিল। এমনকি অতিথিদের মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে ভার্জিনিয়াকে নেইমারের কোলে বসতে এবং তাঁর সঙ্গে নাচতে দেখা গেছে বলে দাবি করা হয়।
বিজ্ঞাপন
আরও দাবি করা হয়েছে, অনুষ্ঠানের একপর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে ভার্জিনিয়াকে তাঁর বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেন নেইমার। ওই অনুষ্ঠানে দুজনেই প্রচুর পরিমাণে মদ পান করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এসব খবর প্রকাশ্যে আসার পর দ্রুতই তা অস্বীকার করে নেইমার ও ভার্জিনিয়ার পক্ষ। ভার্জিনিয়ার প্রতিনিধির পাঠানো এক বিবৃতিতে পুরো ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জন ছড়ানোর ঘটনা নতুন নয় বলেও জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নেইমার। গুঞ্জনে বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কোনো একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে শুরু করেছে। আমি এটি প্রত্যাখ্যান করছি। এমন এক সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আলোচনায় বেশি আগ্রহী। আমার দল ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, কিন্তু বিষয়টির অবসান ঘটাতে আমি নিজে থেকে মুখ খোলাটা জরুরি মনে করেছি।’
বিজ্ঞাপন
নিজের প্রতিক্রিয়ার শেষ অংশে আরও ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান এই তারকা। তিনি লেখেন, ‘আমি সাধারণত এমন সব গল্প তৈরি হলে কিছু করি না। কিন্তু তারা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’
নেইমারের এই বক্তব্যের পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত নেইমার ও ভার্জিনিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক থাকার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি আপাতত সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি ও সংশ্লিষ্ট পক্ষের অস্বীকারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।








