বিশ্বকাপের পর প্রস্তুতির ঘাটতিতে ছন্দ হারিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের জার্সিতে মৌসুমের শুরুটা প্রত্যাশা মতো হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের। নিজের পারফরম্যান্সের ঘাটতির কারণ হিসেবে বিশ্বকাপের পর কম অনুশীলন এবং দলবদল নিয়ে তৈরি হওয়া মানসিক চাপের কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার সিঙ্গাপুরে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপের পর যতটা ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ততটা নিতে পারিনি। ওই টুর্নামেন্টের প্রভাব ব্রাজিলের সবার ওপরই অনেক বেশি। এত দ্রুত বিদায় নিতে হবে, তা আমরা ভাবিনি। তাই ছুটিতে বিশ্রাম নিয়েছি, আনন্দ করেছি, পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি।’
গত আগস্টে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তার আগে চুক্তির শেষ বছরে থাকায় ভবিষ্যৎ নিয়ে স্পেনের সংবাদমাধ্যমে বেশ আলোচনা চলেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি মৌসুমে রিয়ালের হয়ে ১২ ম্যাচে মাত্র একটি গোল করেছেন তিনি, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি। কোচ হোসে মরিনহোও তাকে মাত্র তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলিয়েছেন। এর মধ্যে নিজের পছন্দের বাঁ প্রান্তে নতুন যোগ দেওয়া আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের দারুণ শুরু ভিনিসিয়ুসের ওপর চাপ আরও বাড়িয়েছে।
বিজ্ঞাপন
তবে খারাপ সময় পেছনে ফেলে গুরুত্বপূর্ণ সময়ে নিজের সেরা ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী ব্রাজিলিয়ান তারকা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে একই উচ্চতায় পারফর্ম করা খুব কঠিন। আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিই কেবল এত বছর ধরে একই ধরনের পারফরম্যান্স ও পরিসংখ্যান ধরে রাখতে পেরেছেন। আমিও মানুষ, ভুল করি। তবে সব সময় উন্নতি করার চেষ্টা করি।’
শনিবার জাপানের বিপক্ষে ব্রাজিলের ৩-২ গোলের হারের ম্যাচে অবশ্য জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।








