Logo

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৬:৪৮
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। সফরে মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। সেই ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেন ইসিবির কর্মকর্তারা। এ সময় মাঠের পাশাপাশি ড্রেসিংরুম, অনুশীলনের ব্যবস্থা, জিম, সুইমিংপুলসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো পর্যবেক্ষণ করেন তাঁরা।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এ ছাড়া এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানও উপস্থিত ছিলেন।

২০২৭ সালের বাংলাদেশ সফরে ইংল্যান্ডের তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার সূচি রয়েছে। মূল সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার কথা জো রুট, হ্যারি ব্রুক ও জাফরা আর্চারদের। সেই ম্যাচ আয়োজনের সুযোগ-সুবিধা যাচাই করতেই স্টেডিয়ামটি পরিদর্শন করেন ইসিবির প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে খুব খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’

স্টেডিয়ামের সামগ্রিক অবকাঠামোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিক্যাল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা; সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।’

ইসিবির প্রতিনিধিদলের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়া নিয়ে আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানও। তিনি বলেন, ‘প্রতিনিধিদল এখানকার ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।’

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ সফরে এসে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবার ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আন্তর্জাতিক ক্রিকেটের দলগুলোর জন্য নিজেদের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরার আরও একটি সুযোগ পাবে এবিজি স্পোর্টস সিটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD