Logo

হৃদয়-লিটনের ব্যাটে ৪০০ রানের মাইলফলক ছুঁয়ে অলআউট বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৬:০৫
হৃদয়-লিটনের ব্যাটে ৪০০ রানের মাইলফলক ছুঁয়ে অলআউট বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক ছুঁয়ে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে লিটন দাসের সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত চারশর বেশি রান সংগ্রহ করে টাইগাররা। দলের ইনিংসের সমাপ্তি ঘটে তাসকিন আহমেদের বিদায়ের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

লিটন আউট হওয়ার পর বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথম ইনিংসে ৪০০ রান পূর্ণ করা। তাসকিন আহমেদ সেই লক্ষ্য পূরণ করেন। ১৬ বলে ১৭ রান করে বড় শট খেলতে গিয়ে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। শর্ট থার্ডম্যানে ক্যাচটি নেন মুল্ডার। দুই চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাসকিনের ইনিংস। অন্য প্রান্তে শূন্য রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।

এর আগে নবম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। ড্যান প্যাটেরসনের বাউন্সারে বিভ্রান্ত হয়ে রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দেন তিনি। হাসানের সংগ্রহ ছিল ১৬ রান।

দ্বিতীয় দিনের শুরুতেই শতকের অপেক্ষা ঘোচান লিটন কুমার দাস। নিজের মেয়েকে উৎসর্গ করেন এই সেঞ্চুরি। তবে মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। আরও ১৪ বল খেলে ১২০ রানে আউট হন এই ব্যাটার। প্যাটেরসনের শর্ট পিচ ডেলিভারি পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন লিটন।

বিজ্ঞাপন

লিটনের আগে ১০ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিসো রাবাদা। তিনি নিয়েছেন পাঁচটি উইকেট। ড্যান প্যাটেরসনের শিকার চার ব্যাটার, আর মার্কো ইয়ানসেন পেয়েছেন একটি উইকেট।

এর আগে প্রথম দিনের শেষভাগে দ্রুত রান তুলেছিলেন তাওহীদ হৃদয়। ১৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আরও ৩৩ বলে যোগ করেন ৩৭ রান। শেষ পর্যন্ত ১৩৭ রানে থামে তাঁর ইনিংস। মার্কো ইয়ানসেনের গুড লেন্থের বল ব্যাটে খেলতে না পেরে প্যাডে আঘাত পান হৃদয়। দক্ষিণ আফ্রিকার আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নেন তিনি। তবে সিদ্ধান্ত বদলায়নি।

বিজ্ঞাপন

আউট হওয়ার আগে বাংলাদেশের ইনিংসকে শক্ত অবস্থানে নিয়ে যান হৃদয়। প্রথমে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন তিনি। পরে লিটন দাসকে নিয়ে যোগ করেন আরও ২০৬ রান। দুই জুটির সুবাদে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার মাহফিজুল ইসলাম রবিন কাগিসো রাবাদার প্রথম বলেই মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি।

রাবাদার দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন মুমিনুল হক। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। কোনো রান না করেই বিদায় নেন তিনি। দলের স্কোর তখন মাত্র দুই।

বিজ্ঞাপন

এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ২০ রানের জুটি গড়ে ওঠে। তবে রাবাদার বোলিংয়ে ভাঙে সেই জুটি। ২৩ বলে ১২ রান করে বোল্ড হন অধিনায়ক শান্ত।

দল যখন দ্রুত উইকেট হারিয়ে চাপে, তখন হাল ধরেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে রেকর্ড ২৪২ রান করা এই ব্যাটার তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ৯৯ রানের জুটি। এই জুটিতে বাংলাদেশ প্রাথমিক ধাক্কা সামলে লড়াইয়ে ফেরে।

তানজিদ তামিম ১০৮ বলে ৬৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার। ৭৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করা এই ওপেনারকে শেষ পর্যন্ত বোল্ড করেন রাবাদা।

বিজ্ঞাপন

তানজিদের বিদায়ের পর ক্রিজে নেমে কোনো রান যোগ করতে পারেননি মুশফিকুর রহিম। রাবাদার বলে সাইমন হারমারের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন তিনি।

একদিকে রাবাদার আগ্রাসী বোলিং, অন্যদিকে হৃদয়ের দৃঢ় ব্যাটিং—দুইয়ের মধ্যেই বাংলাদেশের ইনিংস এগিয়ে নেন এই তরুণ ব্যাটার। তানজিদের সঙ্গে ৯৯ রানের জুটির পর লিটনকে নিয়ে তাঁর ২০৬ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ১৩৭ রানে হৃদয়ের বিদায়ের পর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রথম দিন ৮৪ ওভার ব্যাট করে বাংলাদেশ ৩২৭ রান সংগ্রহ করেছিল। ওভারপ্রতি রান ছিল ৩.৮৯, আর উইকেট পড়েছিল ছয়টি। শুরুতে একের পর এক উইকেট হারালেও হৃদয়, তানজিদ ও লিটনের ব্যাটিংয়ে দিনটি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হয়ে ওঠে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD