Logo

তাওহীদ হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৫:৪১
তাওহীদ হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়া দলকে দুর্দান্ত এক সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছেন তিনি। হৃদয়ের এমন ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাও।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম দিন শুরুতে দাপট দেখান দক্ষিণ আফ্রিকার বোলাররা। মাত্র ২২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর ১২১ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হলে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দিন শেষ করে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে।

বাংলাদেশের এই প্রত্যাবর্তনের অন্যতম প্রধান কারিগর হৃদয়। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে রাবাদা বলেন, ‘সে (হৃদয়) দারুণ খেলেছে। আমরা আমাদের সব ধরনের অস্ত্র ব্যবহার করেছি। সত্যিই সবকিছু চেষ্টা করেছি। তাকে কৃতিত্ব দিতেই হবে।’

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম পাঁচটি উইকেটই নিয়েছিলেন রাবাদা। কিন্তু তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরও বাংলাদেশের ব্যাটারদের প্রতিরোধ ভাঙতে পারেনি প্রোটিয়া আক্রমণ। হৃদয়ের সঙ্গে ৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তানজিদ হাসান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তানজিদের ধারণা ছিল, মধ্যাহ্নভোজের বিরতির পর উইকেট ব্যাটিংয়ের জন্য আরও অনুকূল হয়ে উঠেছিল। তবে রাবাদা মনে করেন, বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্বই এখানে বেশি। তাঁর মতে, ব্যাটাররা যথেষ্ট ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিয়েছেন। নিজেদের উইকেট ধরে রেখে ব্যাটিং করায় দক্ষিণ আফ্রিকার বোলারদের প্রতিটি উইকেট পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

এ ধরনের পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা অবশ্য দক্ষিণ আফ্রিকার নতুন নয়। ছয় সপ্তাহেরও কম সময় আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও একই রকম চ্যালেঞ্জের মুখে পড়েছিল দলটি। সেবার প্রতিপক্ষকে ১২৪ রানে ৬ উইকেটে নামিয়ে এনেও শেষ পর্যন্ত ৩৯০ রান করতে দিয়েছিল প্রোটিয়ারা।

সেই ম্যাচের প্রসঙ্গ টেনে রাবাদা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও এমন হয়েছিল। আমরা তাদের ১২৪ রানে ৬ উইকেটে ফেলেছিলাম, এরপরও তারা ৩০০-এর বেশি রান করে। আমার মনে হয়, এখানেও পরিস্থিতিটা অনেকটা একই রকম।’

বিজ্ঞাপন

বারবার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি কেন হচ্ছে, তা খতিয়ে দেখতে চান দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ পেসার। তাঁর মতে, সিরিজে খেলা উইকেটগুলোর মধ্যে ওয়ান্ডারার্সের উইকেটই বোলারদের জন্য সবচেয়ে বেশি সহায়ক। তাই এমন পরিস্থিতিতে বোলিং আক্রমণের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করেছিলেন তাঁরা।

নিজেদের প্রত্যাশা ও ম্যাচের পরিস্থিতি নিয়ে রাবাদা বলেন, ‘আমরা ২০০ রানের জুটি আশা করিনি। তবে আত্মতুষ্টি যেন না আসে, সে বিষয়ে আমরা সতর্ক ছিলাম। আমার মনে হয় না, এই ম্যাচে আমরা আত্মতুষ্টি নিয়ে নেমেছিলাম। পুরো সপ্তাহ কঠোর পরিশ্রম করেছি। আবহাওয়াও অনেক গরম ছিল।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD