Logo

হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি, লিটনের ৯২ রানে দারুণ অবস্থানে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ২১:৫২
হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি, লিটনের ৯২ রানে দারুণ অবস্থানে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুতে বড় ধাক্কা খেলেও দিন শেষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে একপর্যায়ে চাপে পড়ে যায় সফরকারীরা। তবে তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। হৃদয়ের দুর্দান্ত ১৩৭ রানের ইনিংসের পাশাপাশি লিটন অপরাজিত রয়েছেন ৯২ রানে।

বিজ্ঞাপন

জোহানেসবার্গে রবিবার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। দিনের শেষ বলে হৃদয় আউট হলেও লিটনকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়া তার ২০৬ রানের জুটি বাংলাদেশকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। তবে অভিষেকের শুরুটা মোটেও ভালো হয়নি তার। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই গালিতে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। টেস্ট ইতিহাসে ইনিংসের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ব্যাটার এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ক্রিকেটার হিসেবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখান রবিন।

এরপর রানের খাতা খোলার আগেই বিদায় নেন মুমিনুল হক। রাবাদার বাউন্স করা বলে ব্যাটের স্পর্শ লেগে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। অধিনায়ক শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। রাবাদার ইনসুইংয়ে পরাস্ত হয়ে ২৩ বলে ১২ রান করে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক বিপর্যয় সামাল দিতে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুজনের ৯৯ রানের জুটিতে স্বস্তি ফিরে পায় বাংলাদেশ। এই পথে ফিফটি তুলে নেন তানজিদ। তবে ইনিংস বড় করার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। রাবাদার বলে বোল্ড হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন এই ওপেনার।

এরপরের বলেই বিপদ আরও বাড়ে বাংলাদেশের। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দ্রুত দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে সফরকারীরা।

তবে সেখান থেকে দলের হাল ধরেন হৃদয় ও লিটন। প্রোটিয়া বোলারদের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসেন তারা। ফিফটির পর দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রেখে সেঞ্চুরিও পূর্ণ করেন হৃদয়।

বিজ্ঞাপন

দিনের শেষ বলে আউট হওয়ার আগে ২২৭ বল মোকাবিলা করে ১৩৭ রান করেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের আরেকটি দৃষ্টান্ত রাখলেন তিনি।

অন্যদিকে লিটন কুমার দাসও দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফিফটি পেরিয়ে দিনের খেলা শেষ করেছেন ৯২ রানে অপরাজিত থেকে। দ্বিতীয় দিনের শুরুতে আবারও ব্যাট হাতে নামবেন তিনি। তার সামনে রয়েছে সেঞ্চুরি পূর্ণ করার সুযোগ।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিসো রাবাদা। একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন এই পেসার। অন্য উইকেটটি পেয়েছেন মার্কো জানসেন।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও হৃদয়-লিটনের অসাধারণ জুটিতে প্রথম দিনের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। এখন দ্বিতীয় দিনে লিটনের সেঞ্চুরি এবং দলের সংগ্রহ আরও বাড়ানোর দিকেই থাকবে সবার নজর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD