Logo

রাবাদার তাণ্ডব সামলে হৃদয়ের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ২১:০২
রাবাদার তাণ্ডব সামলে হৃদয়ের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। কাগিসো রাবাদার জোড়া আঘাতে বড় ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। তবে তাওহীদ হৃদয় ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়। অন্যদিকে শতকের অপেক্ষায় রয়েছেন লিটন।

বিজ্ঞাপন

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৯৮ রান। ক্রিজে রয়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। তাদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে সফরকারীরা।

জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। তবে অভিষেকের স্মৃতিটা সুখকর হয়নি তার। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই গালিতে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। টেস্ট ক্রিকেটে এমন আউট হওয়া চতুর্থ ব্যাটার এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ক্রিকেটার রবিন।

এরপর মাত্র সাত বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মুমিনুল হক। রাবাদার বাউন্স করা বল ডিফেন্ড করতে গিয়ে ব্যাটে স্পর্শ করান তিনি। বলটি উইকেটের পেছনে চলে গেলে ক্যাচ নিতে ভুল করেননি প্রতিপক্ষের ফিল্ডার।

বিজ্ঞাপন

তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক শান্ত শুরুতে ইতিবাচক মনোভাব দেখালেও বেশিক্ষণ টিকতে পারেননি। রাবাদার দুর্দান্ত ইনসুইংয়ে পরাস্ত হন তিনি। ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করলে উপড়ে যায় অফ স্টাম্প। ২৩ বলে ১২ রান করে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক বিপর্যয়ের পর ইনিংসের হাল ধরেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। এই জুটিতেই ফিফটির দেখা পান ওপেনার তানজিদ। চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৯৯ রান।

তবে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার সুযোগ হাতছাড়া করেন তানজিদ। রাবাদার বলে বোল্ড হওয়ার আগে ১০৮ বল মোকাবিলা করে ৬৭ রান করেন তিনি।

বিজ্ঞাপন

এরপর একই ওভারের পরের বলেই বিপদ বাড়ে বাংলাদেশের। প্রথম বল মোকাবিলা করেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। পরপর দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে দল।

তবে সেখান থেকে ইনিংসের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন হৃদয় ও লিটন। দুজনের দৃঢ়তায় বড় বিপর্যয় এড়িয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে নিজের ফিফটিকে শতকে পরিণত করেছেন তাওহীদ হৃদয়। টানা দ্বিতীয় টেস্টে তিন অঙ্কের রান পূর্ণ করে দারুণ ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন এই ব্যাটার। অন্য প্রান্তে লিটনও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন। ফলে প্রথম দিনের লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD