পাকিস্তানকে হারিয়ে ফাইনালের স্বপ্নে ঢাকার গ্যালারিতে জনস্রোত

পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায়। রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭টার আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে গ্যালারি। সমর্থকদের কণ্ঠে বারবার ধ্বনিত হচ্ছে ‘উই ওয়ান্ট বাংলাদেশ’ স্লোগান।
বিজ্ঞাপন
কারও হাতে জাতীয় পতাকা, কারও পরনে লাল-সবুজের জার্সি। সবার প্রত্যাশা একটাই—পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা পেরিয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে ওঠার স্বপ্ন নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছেন হাজারো ফুটবলপ্রেমী।
২০০৫ সালের পর সাফের ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছে। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও উত্তেজনা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি।
আগেভাগে স্টেডিয়ামে দর্শকদের ঢল
বিজ্ঞাপন
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামমুখী হতে থাকেন দর্শকরা। আগেভাগে মাঠে আসার ক্ষেত্রে পুলিশের আহ্বানও ভূমিকা রেখেছে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে টিকিটধারী দর্শকদের প্রবেশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একপর্যায়ে কয়েকজন দর্শক গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেন। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে এবার দর্শকদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে মাঠে আসার অনুরোধ জানানো হয়।
পাশাপাশি স্টেডিয়ামের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গেট ভাঙার ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
জার্সি-পতাকা বিক্রিতেও উৎসবের ছোঁয়া
মাঠের বাইরেও দেখা গেছে সমর্থকদের উন্মাদনা। জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান ফটকের আশপাশে বসা অস্থায়ী দোকানগুলোতে বাংলাদেশ দলের জার্সি ও জাতীয় পতাকা কিনতে ভিড় করেন ফুটবলপ্রেমীরা।
দোকানগুলোতে ২৫০ টাকা দামে বিক্রি হচ্ছিল জাতীয় দলের জার্সি। কেউ দরদাম করে পছন্দের জার্সি কিনছেন, আবার কেউ সাধারণ পোশাকে স্টেডিয়ামে এলেও গ্যালারিতে প্রবেশের আগে গায়ে জড়িয়ে নিচ্ছেন লাল-সবুজের জার্সি। বিভিন্ন আকারের জাতীয় পতাকাও কিনছেন অনেকে।
বিজ্ঞাপন
এক বিক্রেতা বলেন, ‘আজ অন্যদিন থেকে অনেক বিক্রি বেড়েছে। বাংলাদেশের খেলায় সবাই জার্সি পড়ে যাচ্ছে।’
খেলোয়াড়দের উৎসাহ দিতে গ্যালারিতে হোটেলকর্মীরাও
বাংলাদেশ দলকে সমর্থন জানাতে স্টেডিয়ামে এসেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের সঙ্গে কাজ করা কয়েকজন কর্মীও। খেলোয়াড়দের সঙ্গে দিনের বড় একটি সময় কাটানোর পর এবার গ্যালারিতে বসে তাদের উৎসাহ দিতে চান তারা।
বিজ্ঞাপন
তাদের একজন দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমরা শতভাগ বাংলাদেশকে চাই।’ এরপর অন্যরাও একসঙ্গে স্লোগান দেন, ‘উই ওয়ান্ট বাংলাদেশ।’
হামজা-শামিতের পাশাপাশি ফারহানকে ঘিরেও প্রত্যাশা
ধানমন্ডি থেকে খেলা দেখতে এসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাসনিম। বাংলাদেশ দলের সম্ভাব্য গোলদাতা হিসেবে হামজা ও শামিত সোমের ওপর প্রত্যাশা রাখছেন তিনি।
বিজ্ঞাপন
তবে শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের একক প্রচেষ্টায় করা গোলটি বিশেষভাবে মুগ্ধ করেছে তাকে।
তাসনিম বলেন, ‘ফারহানের গোলটা এত সুন্দর ছিল। আমি অনেকবার দেখেছি। আশা করি, আজও ভালো খেলবে এবং গোল করবে।’
ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশের সামনে পাকিস্তান
বিজ্ঞাপন
ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফের এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি সমর্থকরা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় হামজা-শামিতরা।
প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় কোচ টমাস ডুলির দল।
এবার সামনে পাকিস্তান। এই বাধা পেরোতে পারলেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই লড়াইকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে যে জনস্রোত তৈরি হয়েছে, তা সমর্থকদের প্রত্যাশারই প্রতিফলন। লাল-সবুজের জয় দেখতে এখন শুধু মাঠের লড়াই শুরুর অপেক্ষা।








