রাফিনহাকে নিয়ে ব্রাজিলের সিদ্ধান্তে হতাশ বার্সেলোনা

জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনহা। ফলে নিয়ম অনুযায়ী সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে ম্যাচে নিষিদ্ধ হলেও জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এখনই বার্সেলোনায় ফিরতে পারছেন না এই ফুটবলার।
বিজ্ঞাপন
রাফিনহাকে আগেভাগে ক্লাবের কাছে পাঠানোর কোনো পরিকল্পনা নেই ব্রাজিলের। আন্তর্জাতিক বিরতির পুরো সময় তাকে জাতীয় দলের সঙ্গেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফের জাতীয় দলের জেনারেল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক ফার্নান্দো পোলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সিবিএফের একজন প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্যাম্প শেষ না হওয়া পর্যন্ত রাফিনহাকে বার্সেলোনার কাছে ছেড়ে দেওয়া হবে না। সিঙ্গাপুরেই দলের সঙ্গে অবস্থান করবেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ব্রাজিলের এই সিদ্ধান্তে হতাশ হতে পারে বার্সেলোনা। কারণ, গত দুটি আন্তর্জাতিক বিরতিতে চোট নিয়ে স্পেনে ফিরেছিলেন রাফিনহা। এবারও লাল কার্ডের কারণে আগেভাগে তাকে পাওয়ার আশা করেছিল কাতালান ক্লাবটি।
বিজ্ঞাপন
কিন্তু ব্রাজিলের অবস্থানের কারণে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে না পারলেও জাতীয় দলের ক্যাম্প শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রাফিনহাকে। এরপরই বার্সেলোনায় ফেরার সুযোগ পাবেন এই তারকা ফরোয়ার্ড।








