Logo

২০৩০ সালে একই সময়ে চলবে ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৫:০২
২০৩০ সালে একই সময়ে চলবে ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য ২০৩০ সালের জুলাই হতে যাচ্ছে দারুণ রোমাঞ্চের মাস। কারণ, একই সময়ে অনুষ্ঠিত হবে ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ফলে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শককে দুটি জনপ্রিয় খেলার বিশ্বসেরা হওয়ার লড়াই একসঙ্গে উপভোগ করার সুযোগ করে দেবে এই সূচি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৪ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। টুর্নামেন্টটি চলবে ৪ আগস্ট পর্যন্ত।

অন্যদিকে, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপও হতে যাচ্ছে ঐতিহাসিক আয়োজন। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে এবারের আসর বসবে বিশেষ আয়োজনে। মূল প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। পাশাপাশি শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে তিনটি বিশেষ ম্যাচ।

ফিফার প্রকাশিত সূচি অনুযায়ী, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ৮ জুন। আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২১ জুলাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই বিশ্বকাপের সূচি পাশাপাশি রাখলে দেখা যায়, ৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত টানা ১৮ দিন ফুটবল ও ক্রিকেটের দুটি বড় বৈশ্বিক প্রতিযোগিতা একই সময়ে চলবে। অর্থাৎ, একদিকে চলবে ফুটবলের বিশ্বসেরার লড়াই, অন্যদিকে ব্যাট-বলের উত্তেজনায় মাতবে ক্রিকেট বিশ্ব।

এমন সূচি ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের হলেও তৈরি করতে পারে কিছুটা মধুর বিড়ম্বনা। বিশেষ করে যারা ফুটবল ও ক্রিকেট—দুই খেলাই সমানভাবে ভালোবাসেন, তাঁদের বেছে নিতে হতে পারে কোন ম্যাচটি আগে দেখবেন। ২০৩০ সালের জুলাইয়ে তাই দর্শকদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, ফুটবল নাকি ক্রিকেট—কোন বিশ্বকাপের উত্তেজনায় বেশি মেতে উঠবেন তাঁরা?

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD