Logo

৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে স্পেনকে হারের স্বাদ দিলো ইংল্যান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৩:৪৮
৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে স্পেনকে হারের স্বাদ দিলো ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দীর্ঘ অপরাজিত থাকার ধারায় ছেদ টেনেছে ইংল্যান্ড। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে থ্রি লায়ন্সরা। ম্যাচের শেষ ভাগে একজন কম নিয়েও স্পেনের আক্রমণ সামলে জয় নিশ্চিত করে টমাস টুখেলের দল। এই হারের মধ্য দিয়ে ৪৩ ম্যাচ পর পরাজয়ের মুখ দেখল স্পেন।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে অধিনায়ক হ্যারি কেইনের পেনাল্টি গোলে এগিয়ে যায় সফরকারীরা। বিরতির পর দ্রুত আরও দুই গোল করে ব্যবধান ৩-০-তে নিয়ে যায় দলটি।

৫৩ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে গোল করেন এজরি কনসা। এর চার মিনিট পর দারুণ দলীয় আক্রমণের সমাপ্তি টানেন বেন হোয়াইট। তার জোরালো শটে তৃতীয়বারের মতো স্পেনের জালে বল জড়ায় ইংল্যান্ড।

তবে ৬৫ মিনিটে ম্যাচের পরিস্থিতি বদলে যায়। জারেল কুয়ানশাহর ভুলের সুযোগে বল নিয়ে এগিয়ে যান লামিনে ইয়ামাল। তাকে ফাউল করায় লাল কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। একই ঘটনায় পেনাল্টি পায় স্পেন। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন মিকেল ওয়ারাজাবাল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

১০ জনের ইংল্যান্ডের বিপক্ষে এরপর আক্রমণের গতি বাড়ায় স্পেন। ৭৫ মিনিটে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস। ম্যাচের বাকি সময়ে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা।

তবে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ড গুরুত্বপূর্ণ সময়ে একাধিকবার দলকে বিপদমুক্ত করেন। তার দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল পায়নি স্পেন। ফলে ১০ জন নিয়েও ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জয়ের মাধ্যমে উয়েফা নেশন্স লিগের গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত করেছে টুখেলের দল। অন্যদিকে ২০২৫ সালের নেশন্স কাপ ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হার বাদ দিলে দীর্ঘ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম পরাজয়ের স্বাদ পেল স্পেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD