রিয়ালে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়র: মরিনিও

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামছেই না। মাঠে প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণ, নিজেদের সমর্থকদের দুয়ো এবং সম্প্রতি চার ম্যাচের নিষেধাজ্ঞা—সব মিলিয়ে নানা চাপের মধ্য দিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। এমন পরিস্থিতিতে ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও বলেছেন, তাঁর জায়গায় থাকলে হয়তো নিজেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতেন।
বিজ্ঞাপন
মরিনিওর মতে, ভিনিসিয়ুসের এমন কোনো দেশ বা ক্লাবে চলে যাওয়া উচিত, যেখানে তিনি আরও বেশি সম্মান পাবেন। গত গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের সঙ্গে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নাম জড়িয়েছিল। তবে রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা এবং ক্লাবটির হয়ে আরও ইতিহাস গড়ার আকাঙ্ক্ষা থেকেই ভিনিসিয়ুস থেকে গেছেন বলে মনে করেন পর্তুগিজ কোচ।
ভিনিসিয়ুসকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মরিনিও বলেন, ‘আমি যদি ভিনিসিয়ুসের জায়গায় থাকতাম, তাহলে সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার জন্য চাপ দিতাম। এমন কোনো লিগে, দেশে বা ক্লাবে চলে যেতাম, যেখানে আমাকে সম্মান করা হবে, সমর্থকরাও সম্মান করবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিনিসিয়ুসের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেছেন মরিনিও। প্রতিদিনই আলাদা করে এই ফরোয়ার্ডের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন তিনি। মরিনিওর চোখে, ভিনিসিয়ুস দারুণ একজন তরুণ, যিনি নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও হাসিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
সম্প্রতি ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার ঘটনায় লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। পরে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের শাস্তির কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। ফলে সেভিয়া ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
ভিনিসিয়ুসের প্রতি আস্থার কথা জানিয়ে মরিনিও আরও বলেছেন, রিয়াল মাদ্রিদকে নিজের ঘর মনে করেন এই ফরোয়ার্ড। চুক্তি নবায়নের মাধ্যমে ক্লাবটির হয়ে আরও শিরোপা জেতা এবং ইতিহাস গড়ার ইচ্ছাও রয়েছে তাঁর। তবে ক্লাবের প্রতি ভালোবাসা থাকলেও ভিনিসিয়ুস যথেষ্ট সম্মান পাচ্ছেন কি না, সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছেন মরিনিও।








