Logo

চার মিনিটে দুই গোল, আলোনসোকে জবাব দিলেন মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৩:১৮
চার মিনিটে দুই গোল, আলোনসোকে জবাব দিলেন মেসি
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ম্যাচে মাত্র চার মিনিটের ব্যবধানে দুইবার জালের দেখা পান আর্জেন্টাইন মহাতারকা। এতে জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬-এ। ফলে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন তিনি।

বিজ্ঞাপন

তবে ম্যাচে শুধু মেসির গোলই নয়, আলোচনায় এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে উদ্দেশ্য করে তার বিশেষ উদযাপন। মাসখানেক আগের একটি ঘটনার জবাব হিসেবেই মেসির এমন আচরণ দেখছেন অনেকে।

ম্যাচের ৬০ মিনিটে লুইস সুয়ারেজের লম্বা পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। বল পেয়ে সামনে থাকা প্যারাগুয়ের ডিফেন্ডার জুনিয়র আলোনসোর মুখোমুখি হন তিনি। প্রথমে একদিকে যাওয়ার ভান করে মুহূর্তেই দিক পরিবর্তন করেন আর্জেন্টাইন তারকা। এতে বিভ্রান্ত হয়ে পড়েন আলোনসো। এরপর নিচু ও কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে ইন্টার মিয়ামির ব্যবধান ৩-০ করেন মেসি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গোলের পর অন্যরকম এক ঘটনা ঘটে। মেসি ও রদ্রিগো ডি পল মিলে উদযাপন করেন আলোনসোর সামনে গিয়ে। এমন উদযাপন দেখে হাসি ধরে রাখতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষকও। এরপর ক্যামেরায় ধরা পড়ে, আলোনসোর দিকে এমন একটি অঙ্গভঙ্গি করেন মেসি, যার অর্থ যেন ‘এখনো ঘুরছো?’

বিজ্ঞাপন

এই খুনসুটি ও উদযাপনের পেছনে রয়েছে মাসখানেক আগের একটি ঘটনা। মেসির শট আটকে দিয়ে তার সামনেই উদযাপন করেছিলেন আলোনসো। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল। সেই স্মৃতি যে মেসির মনে ছিল, এবারের উদ্‌যাপনে তারই ইঙ্গিত মিলেছে। তবে এবার দুজনের মধ্যে শেষ পর্যন্ত হাসিঠাট্টাই দেখা গেছে।

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অনুভূতি জানিয়েছেন মেসি। ইন্টার মিয়ামির হয়ে আরেকটি জয় পাওয়ার পাশাপাশি এই স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথাও উল্লেখ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘ইন্টার মিয়ামির হয়ে আরেকটি জয়, এমন এক স্টেডিয়ামে, যা সম্প্রতি ঘটে যাওয়া কিছু সুন্দর স্মৃতি মনে করিয়ে দেয়।’

বিজ্ঞাপন

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই স্মৃতির সঙ্গে বর্তমান জয়ের আনন্দ মিলিয়ে মেসির বার্তাটি ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি তাৎপর্য পেয়েছে। আটলান্টার বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি পুরোনো ঘটনার ইঙ্গিতপূর্ণ উদযাপনেও ম্যাচের অন্যতম আলোচিত চরিত্র হয়ে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD