এক মাসের জন্য মাঠের বাইরে লাউতারো মার্তিনেজ

ইনজুরির কারণে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার ও অধিনায়ক লাউতারো মার্তিনেজকে। বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পাওয়ায় ক্লাবটির গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মেডিকেল পরীক্ষা শেষে মার্তিনেজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, ইতালির রোজানোতে হিউম্যানিটাস ইনস্টিটিউটে তাঁর শারীরিক পরীক্ষা ও ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে। পরীক্ষায় বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে সমস্যা ধরা পড়েছে।
প্রাথমিকভাবে ইনজুরিটিকে যতটা হালকা মনে করা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি তার চেয়ে কিছুটা জটিল বলে জানিয়েছে ক্লাবটি। তবে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিশ্চিত করতে আগামী দিনগুলোতে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হবে।
ক্লাব ব্রুজের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে মার্তিনেজ লিখেছিলেন, ‘মাথা নিচু রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে; উন্নতি করার এটাই একমাত্র পথ।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাধারণত এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সে হিসেবে আগামী ৩১ অক্টোবর এসি মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ‘মিলান ডার্বি’র আগে মাঠে ফেরার চেষ্টা করতে পারেন এই আর্জেন্টাইন তারকা। তবে তাঁর ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে সুস্থ হয়ে ওঠার ওপর।
ইনজুরির কারণে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে ইন্টার মিলানের হয়ে কোনো ম্যাচেই খেলতে না পারার আশঙ্কা রয়েছে মার্তিনেজের। চ্যাম্পিয়নস লিগ ও সিরি আ মিলিয়ে এ সময়ে সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন তিনি।
সম্ভাব্য মিস করা ম্যাচগুলোর মধ্যে রয়েছে বোলোনিয়া, শাখতার দোনেৎস্ক, ফিওরেন্তিনা, ভেনেজিয়া, এসি মিলান, ফেয়েনুর্দ ও কোমোর বিপক্ষে লড়াই। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচও রয়েছে।
বিজ্ঞাপন
দলের আক্রমণভাগের অন্যতম ভরসা ও অধিনায়ককে না পাওয়ায় ব্যস্ত সূচিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইন্টার মিলান।








